রাণীনগরে ধান কাটার শ্রমিক সংকটে কৃষক
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২০
নওগাঁর রাণীনগর উপজেলায় চলছে ইরি-বোরো ধান কাটার ধুম কিন্তু শ্রমিক সংকটে হতাশায় পড়েছে কৃষক। গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবুও হাসি নেই কৃষকের মুখে। শ্রমিক সংকট আর ধানের মূল্য পতন কেড়ে নিয়েছে কৃষকের মুখের হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সোনালী পাকা ধান আর ধান। শ্রমিকরা দল বেঁধে পাকা ধান কাটছে। শ্রমিক মূল্য বেশি হওয়ায় মাড়াই ঝাড়াইয়ের কাজে অনেক কৃষক-কৃষাণী নিজেরাও শ্রমিকদের সঙ্গে নেমে পড়েছেন স্বপ্নের ফসল ঘরে তোলার কাজে। ঘরে ওঠছে নতুন ধান, তাই কৃষাণীরাও মহাব্যস্ত। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ও পোকা-মাকড় রোগবালাই কম হওয়ায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে তাদের আশঙ্কা গতবারের মত এবারও তারা উত্পাদন খরচও তুলতে পারবে কিনা। শ্রমিক সংকটের কারণে জনপ্রতি ৩০০/৪০০ টাকার কমে শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। কৃষকরা বলছেন, এক একর জমিতে ৫০ মণ ধান ফলাতে তাদের খরচ হয়েছে ২২ থেকে ৩০ হাজার টাকা। বর্তমান ধানের বাজার ৫০০ টাকা মণ বিক্রি করলেও ৫০ মণ ধানের মূল্য আসে মাত্র ২৫ হাজার টাকা। এতে উত্পাদন খরচ তো ওঠছেই না বরং একর প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান হচ্ছে।