দাউদকান্দিতে ২ কি. মি. রাস্তা না হওয়ায় দুর্ভোগ
হাবিবুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২১
নূরপুর থেকে চরমাহমুদ্দী পাঁচানী হয়ে গৌরীপুর বাজার পর্যন্ত মাত্র ২ কিলোমিটার রাস্তা পাকা করা হলে দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার বিকল্প রাস্তা তৈরি হবে। বর্তমানে দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তায় যে সকল ছোট ছোট যানবাহন চলাচল করে যানজটের সময় সেই যানবাহনগুলো দাউদকান্দি পৌর এলাকার বাড়াগাঁও হয়ে দৌলতপুর নূরপুর এবং চরমাহমুদ্দী পাঁচানী হয়ে গৌরীপুর বাজারে উঠে লক্ষীপুর সেতু পেরিয়ে কুশিয়ারা-খোশকান্দি এবং টামটায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে।
মাত্র ২ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় নূরপুর, লালপুর, দৌলতপুর, কৃষ্ণপুর, বাজরা, বালুয়াকান্দি, কাকিয়াহালী গ্রামের লোকদেরকে মৌটুপী-শিবপুর হয়ে অথবা শহীদনগর হয়ে ৭/৮ কিলোমিটার পথ ঘুরে গৌরীপুরে পৌঁছতে হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে। চরমাহমুদ্দী-পাঁচানী হয়ে নূরপুর-গৌরীপুর পর্যন্ত যে রাস্তা রয়েছে তা পাকা করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ১৫/১৬ কিঃ মিঃ এলাকায় যানবাহনের চাপ অনেক কমে যাবে।