কয়েক জনের দাফন সম্পন্ন
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২১
মোরেলগঞ্জ (বাগের হাট) সংবাদদাতা \ সাভার ট্রাজেডির ১৫ দিন পর উদ্ধারকৃত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামের গার্মেন্টস কর্মী গৃহবধূ শাহিনা বেগমের লাশ শুক্রবার দাফন দেয়া হয়েছে। স্ত্রীর লাশ পরিবহন ও দাফন কাফনের জন্য সরকারিভাবে ২০ হাজার টাকা পেয়েছেন বলে স্বামী শাহ আলম তালুকদার জানান।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ সাভার ট্রাজেডির ১৭তম দিনে শুক্রবার রানা প্লাজা থেকে ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের আলম ওরফে বজলু হাওলাদারের পুত্র জামাল হোসেন ওরফে মিজানের (২২) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ও আইডি কার্ডের সাহায্যে তার লাশ শনাক্ত করা হয়। শুক্রবার বিকালেই রাজাপুরে দাফন করা হয়েছে।
মিজানের মা মিনারা বেগম বলেন, ‘পচা-গলা হলেও আমার বুকের ধনকে ফেরত পেয়েছি। আর কিছু না হোক ছেলের কবরটা তো নিয়মিত দেখতে পাবো।’
তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ রানা প্লাজার ফ্যান্টম এপারেলসে কর্মরত কুশলা গ্রামের হান্নান শেখের পুত্র বাকী শেখ (২০) এবং নবম তলায় কর্মরত মসুনদিয়া গ্রামের মৃত আবু বক্করের পুত্র আবুল কাশেম ভুঁইয়া এখনও নিখোঁজ রয়েছে। রানা প্লাজায় এ পর্যন্ত তেরখাদার বিভিন্ন ইউনিয়নের ৭ জন কর্মরত ছিল। এর মধ্যে বিউটি বেগম, সুমি খাতুন ও প্রিন্স নামে ৩ জনের লাশ তেরখাদায় এনে তাদের দাফন সম্পন্ন হয়েছে, বাকী শেখ এবং আবুল কাশেম নামে ২ জন এখনও নিখোঁজ রয়েছে।এছাড়া আহত মোঃ মিজানুর রহমান মিনা এবং দুই পা কেটে ফেলা পাখি বেগম এখনো সাভারের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
রানা প্লাজা ধসে নিহত গার্মেন্টস কর্মী নিখোঁজ মিতু আক্তারের (২৩) লাশ বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের বাবার বাড়িতে দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করে। হতদরিদ্র পিতা সেলিম আকনের দুই মেয়ে ফাতিমা (২৫) ও মিতু আক্তার (২৩) রানা প্লাজার একটি গার্মেন্টসে কর্মরত ছিল। মিতু আক্তারের ঝালকাঠী জেলার কেওড়া ইউনিয়নের আইহর গ্রামের সাইফুল ইসলামের সাথে বিয়ে হয়। আর্থিক অভাব-অনটনের কারণে বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী গার্মেন্টসে চাকরি করত। তাদের দাম্পত্য জীবনে আলভী নামের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ রানা প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত পাওয়া খবরে নিহত ৪, নিখোঁজ ১ ও আহত ৭ জন। নিহতদের লাশ এনে তাদের নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। মা খুশি খাতুনের লাশ ও তার ২ দিন পর মেয়ে সাথী খাতুনের লাশ গ্রামের বাড়ি বাদাল গ্রামে দাফন করা হয়েছে। তাদেরকে জামা-কাপড়, হাতের চুড়ি ও গায়ের গহনা দেখে সনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার ৩দিন পর ডেমরা ইউনিয়নের পাচুরিয়া বাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন তোফার মেয়ে আরজিনার (২৪) লাশ এনে দাফন করা হয়। ৮ মে সাজেদুল ইসলাম সজিবের লাশ গ্রামের বাড়ি পুরুন্দরপুর দাফন করা হলেও তার স্ত্রী রূপা খাতুন এখনও নিখোঁজ। আহতদের মধ্যে রয়েছে- মাসুদা (২৪), রোকেয়া (২৫), হাসিনা খাতুন (২৪), আজিদা (২২), মাসুদা (২৩), আব্দুর রউফ (২৫), মো: সজিবুর রহমান ডাবলু (২৯)। এদের মধ্যে কয়েকজনের স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার আশংকা রয়েছে।