সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১২ জন। এর মধ্যে নোয়াখালীর চাটখিলে বাস খাদে পড়ে তিনজন, বান্দরবানের লামায় ট্রাক চাপায় তিন টমটম আরোহী, চাঁদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোচালকসহ দুইজন, নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাকেইল আরোহী, গোপালগঞ্জের কোটালীপাড়ায় টমটম উল্টে এক নারী এবং কুমিল্লার মুরাদনগরে ট্রাক চাপায় এক রিকশাচালক নিহত হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী):চাটখিলের রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের মুন্সিবাড়ীর সামনে গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে আরো ২০ জন আহত হয়। জননী পরিবহনের একটি গাড়ি রামগঞ্জ যাওয়ার সময় উক্ত স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর (৩৫), সোনাইমুড়ির নাওতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে নূর আলম (৩৫) ও অজ্ঞাত পরিচয় একজন। পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লামা (বান্দরবান) সংবাদদাতা:উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগায় বুধবার বিকেলে ডাম্পার ট্রাকের চাপায় টমটম আরোহী তিন যাত্রী নিহত হয়েছে। এসময় টমটমের আরো পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ডুলাহাজারা মালুমঘাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো: পাগলীর আগার ফরিদা খাতুন (৫৮), আবু তালেব (৩০) ও করুপ পাতার মো. ইব্রাহীম (১৫)।
চাঁদপুর:সদর উপজেলার বাগাদি ইউনিয়নের লেবুতলা বালুমহল নামক স্থানে বুধবার সকালে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোচালক রফিক গাজী (৪০) ও যাত্রী মোজাম্মেল হোসেন (২৩) নিহত হয়। নিহত রফিক ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের ও মোজাম্মেল পঞ্চগড় জেলার বাসিন্দা।
পত্নীতলা (নওগাঁ): পত্নীতলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো: পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রতন মন্ডল এবং একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা। পুলিশ জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে দুজনের মোটরসাইকেল যোগে মহাদেবপুর যাওয়ার পথে উপজেলার শিবদিঘী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়ায় ইঞ্জিনচালিত টমটম উল্টে রাশিদা বেগম(৪০)নামের এক নারী নিহত এবং অপর চার যাত্রী আহত হয়। বুধবার বেলা একটায় উপজেলার কুরপালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা কোটালীপাড়া উপজেলার বলুহার গ্রামের ফয়েজুজ্জামানের স্ত্রী।
মুরাদনগর (কুমিল্লা): মুরাদনগর উপজেলায় ট্রাক চাপায় আনোয়ার হোসেন(৩৫) নাকে এক রিকশাচালক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাজারের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।