মাগুরা পৌর উপ-নির্বাচন
ফলাফল বাতিল দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২৩
মাগুরা পৌর উপ-নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। শনিবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ড. মাহবুবুল হক মঞ্জু সিদ্দিকী ও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা। সাংবাদিক সম্মেলনে এই তিন মেয়র প্রার্থী অভিযোগ করেন গত ৬ মে অনুষ্ঠিত মাগুরার মেয়র পদে উপ-নির্বাচন ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর প্রকৃষ্ট উদাহরণ।
১৯টি কেন্দ্রেরই প্রিজাইডিং অফিসারই ছিল নিয়ন্ত্রিত। তারা আরো অভিযোগ করেন, এই ১৯টি কেন্দ্রে আগে থেকে সিল মেরে ব্যালট প্রস্তুত করে রাখা হয়েছিল। নির্বাচনে দুপুর আড়াইটা পর্যন্ত ৪০/৫০ ভাগ ভোট পড়েছিল। অথচ ভোটগ্রহণের সময় দেখা যায় শতকরা ৭০ ভাগ ভোট পড়েছে যা একেবারে অবাস্তব। তফসিল ঘোষণার পরও রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হানিফ উদ্দিনকে অন্যত্র বদলি করা হয় যা নির্বাচনের মূল নীতিমালার পরিপন্থি। মাগুরার পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে এই নির্বাচনে অন্ধকারে রাখা হয়েছে। তারা এই নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করে ফলাফল বাতিলপূর্বক অবিলম্বে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।