খালেদা জিয়াকে রক্ষা করতে পারবে না হেফাজত-জামায়াত

জনগণ থেকে বিছিন্ন হয়ে হেফাজত-জামায়াতের কাঁধে ভর করে ক্ষমতার মসনদে বসতে চান খালেদা জিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা গৃহযুদ্ধ বলে, স্বাধীনতা-বিরোধী প্রেতাত্মা যাদের ঘাড়ে ভর করে আছে, জনগণকে নিয়ে আওয়ামী লীগ সেই স্বাধীনতা-বিরোধীদের প্রতিহত করবে। গত শনিবার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসানউল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে ‘সার্বজনীন শিক্ষা সম্পর্কিত আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এম.পি এসব কথা বলেন। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি, কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলামুর রহমান, চান্দিনা উপজেলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন প্রমুখ।