দেশে ফেরার প্রহর গুনছে আফগান শরণার্থীরা

শরণার্থী সমস্যা বর্তমান বিশ্বে একটা মারাত্মক সমস্যা। বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি প্রভূত কারণে নিরীহ সাধারণ মানুষগুলোকে বাধ্য হয়ে কখনোবা সীমান্ত পাড়ি দিয়ে পরিবার-পরিজন নিয়ে চলে যেতে হয় পার্শ্ববর্তী দেশে। আবার ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় তাহলে তাদের পড়তে হয় শত্রুপক্ষের বন্দুকের নলের সামনে। হয়তোবা এভাবে অনেককে বরণ করতে হয় মৃত্যুকে। অনেকে তাদের পাশে দাঁড়ানোর বুলি আওড়ালেও বাস্তবে তার দেখা মেলা দায়। তেমনই একটি দেশ আফগানিস্তান। বিভিন্ন সময়ে এখানকার অনেক মানুষ সীমান্ত হয়ে চলে গেছে পাকিস্তানে। দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। ভিটে-মাটি হারানো এসব মানুষ সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে। প্রতীক্ষার প্রহর গুনছে কবে তারা আপন ঠিকানায় ফিরে যেতে পারবে। কিন্তু প্রত্যাশার সে স্বপ্ন ক্রমেই সেখানে ক্ষীণ হয়ে আসছে। আলী মুহাম্মদ। তিনি একজন আফগান শরণার্থী। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাঘাই এলাকায় তার বাস। ১৯৮১ সালে তার জন্ম। আফগান-সোভিয়েত যুদ্ধের কারণে শিশুকাল থেকেই তাকে পরিবারের সঙ্গে পালিয়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল পাকিস্তানে আসতে হয়েছে। আজ তার বয়স ৩২ বছর। তিনি এবং তার ১২ সদস্যের পরিবার বাড়ি ফেরার প্রতীক্ষায় আছেন। তাদের বাড়ি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে। আলী বলেন, আমি জানি আমাদের ওখানে বাড়িঘরের অবস্থা ভালো নেই। তারপরেও নাড়ির টানে সেখানে ছুটে যেতে চাই। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাবে, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ লাখ আফগান নাগরিক পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত তালেবান এলাকা (এফইটিএ) ও বেলুচিস্তানে বসবাস করছে। এদের মধ্যে অধিকাংশেরই জন্ম এবং বেড়ে ওঠা এখানে। পাকিস্তানে এসব আফগান শরণার্থীর অবস্থা বর্তমানে বেশ করুণ। কোয়েটায় ইউএনএইচসিআর-এর প্রধান লিঞ্চ স্টটটন বলেন, তারা মূলত এসব শরণার্থীর জন্য স্বাস্থ্য, চিকিত্সা, অবকাঠমো এবং অন্যান্য কমিউনিটি সেবা প্রদান করে থাকেন। তাদের হিসাব মতে, বর্তমানে বেলুচিস্তানে ৩ লাখ ৫০ হাজার নিবন্ধিত শরণার্থী আছে। তিনি বলেন, আমাদের প্রধান বিষয় হচ্ছে তাদের নিরাপত্তার দিকটি দেখভাল করা। তাদের বসবাসের জন্য ১০টি গ্রাম আছে যা ‘শরণার্থী গ্রাম’ নামে পরিচিত। আমরা তাদের নিরাপত্তার বিষয়টির পাশাপাশি তাদের নানা প্রয়োজন নিরীক্ষা করে তার সমাধানের চেষ্টা করি। সে সঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও আইনত সেবা প্রদানের চেষ্টা করে থাকি। এখানকার একটি শরণার্থী শিবিরের নাম পুরাতন সারানান। কোয়েটা থেকে ৪০ কিলোমিটার দূরে পিশিন জেলায় এটি অবস্থিত। হাজার দশেকের মতো লোকের বসবাস এখানে। ১৯৭৯ সাল থেকে এটি উম্মুক্ত। এ স্থানের ঘরগুলো মূলত মাটির তৈরি। বিদ্যুতের সংযোগ নেই এখানে। অধিবাসীরা তারপরও বলেন, বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ইউএনএইচসিআরের প্রকল্প কর্মকর্তা বশির কাকর বলেন, এই ক্যাম্পগুলো এখন বর্তমানে বেশ ভালো। এখানে বসবাসরত বয়োজ্যেষ্ঠদের মধ্য থেকে একটি কমিটি গঠন করা হয়। এদের মধ্য থেকেই কমিটির সদস্যরা তাদের সমস্যা তথা নানা দাবি সরকারের কাছে কিংবা ইউএনএইচসিআরের কাছে তুলে ধরে। বর্তমানে তাদের ১১ দফা দাবি রয়েছে। অন্যান্য ব্যবস্থার পাশাপাশি এখানে শিক্ষার উপরও জোর দেয়া হয়। বর্তমানে তাদের বিরাট জনসংখ্যার ৮২০টি শিশু এই সুবিধা পাচ্ছে। ক্যাম্পের বয়োজ্যেষ্ঠ হায়াত খান (৬২) বলেন, যখনই আমাদের কোন কিছু দরকার হয় বা কোন পরামর্শের প্রয়োজন হয় আমরা জাতিসংঘের ওই সংস্থার সঙ্গে পরামর্শ করি এবং তারাই আমাদের পথ দেখান। হায়াত খান মূলত আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে এসেছেন। পুরাতন সারানানের পুরোনো বাসিন্দাদের মধ্যে তিনি অন্যতম। তিনি বলেন, আমার পরিবার ১৯৭৯ সালে এখানে এসেছে। আমার মন কাঁদে জন্মভিটায় যাওয়ার জন্য, যেখানে আমার পড়ে আছে অতীত, আমার প্রিয় মানুষগুলো।