কমলগঞ্জে বন্যায় ১৫ গ্রাম প্লাবিত

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং কমলগঞ্জে ধলাই নদীর ভাঙ্গনের ফলে নিম্নাঞ্চলে তিনটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে নিমজ্জিত হয়ে দেড় কোটি টাকার উঠতি বোরো ফসলের ক্ষতি হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ পানিবন্দি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন। কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও রহিমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে পানি সরে গিয়ে অবস্থার উন্নতি হলেও নিম্নাঞ্চলের পতনউষার ইউনিয়নের ধূপাটিলা, পতনউষার, নোয়াগাঁও, রামেশ্বরপুর, গোপীনগর, শ্রীরামপুর, হালাবাদী, মহেশপুর, জগন্নাথপুর, চাঁনগাঁও ও বৃন্দাবনপুর মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর, বনবিষ্ণুপুর ও শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি ও সতিঝির গাঁও গ্রামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পতনউষার ইউনিয়নের কেওলার হাওরসহ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এসব গ্রামের উঠতি বোরো ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার মতো ধারণা করা হচ্ছে। এদিকে শনিবার বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ পতনউষার ইউনিয়নে পানিবন্দি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন। কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান জানান, চিফ হুইপ পতনউষারে দূর্গত ২৫ জনকে নগদ ২ হাজার টাকা করে এবং ৫৫ জনকে নগদ ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়া দূর্গত সাধারণ মানুষজনের মাঝে ২ কেজি করে চিড়া ও আড়াই’শ গ্রাম করে চিনি প্রদান করেন তিনি।