ভারতে চালু হচ্ছে নতুন ভোট গ্রহণ পদ্ধতি

ভারতে ভোট গ্রহণে নতুন পদ্ধতি চালু হচ্ছে। পছন্দের প্রার্থীকে দেয়া ভোট পেলেন কিনা তা ভোট যন্ত্র জানাবে। পাশের প্রিন্টারে ভোটদাতার নামসহ কাকে ভোট দেয়া হয়েছে তার বিবরণও মুদ্রিত হয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোট যন্ত্র থেকে ছাপা হওয়া তথ্য ভোটার নিয়ে যেতে পারবেন না। নির্বাচন কমিশনে নিরাপদে রাখা থাকবে সেই ভোটের প্রিন্ট আউট। নির্বাচন প্রক্রিয়া সংস্কারের উদ্দেশ্যে সম্প্রতি দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ভি সম্পত। বৈঠকে উপস্থিত ছিল ভারতের প্রায় ৩০টি রাজনৈতিক দল। কমিশনের পক্ষে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটাররা ইভিএম মেশিনে দেয়া ভোট সঠিকভাবে পড়ছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলো মেশিনে কারচুপির অভিযোগ তুলেছে। ওই সংশয় কাটাতে নতুন ইভিএম ব্যবহার করার বিষয়ে নির্বাচন কমিশন ভাবছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু হওয়ার পর থেকেই মনমতো ফল না এলে কারচুপির প্রশ্ন রাজনৈতিক দলগুলোকে তুলতে দেখা গিয়েছে। প্রশ্ন তুলেছেন মানুষও। ধোঁয়াশা কাটাতে আরও উন্নত ইভিএম চালু করার দিকে এগোল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, নতুন ব্যবস্থায় ইভিএম মেশিনে থাকবে একটি মনিটর ও প্রিন্টার। ভোট দেয়ার পরে আট থেকে দশ সেকেন্ডের জন্য তা কোন প্রার্থীর পক্ষে গিয়েছে তা মনিটরে ভেসে ওঠবে। একই তথ্য জানিয়ে দিবে প্রিন্টারও। দুটি ফলই দেখতে পাবেন কেবল সংশ্লিষ্ট ভোটার। তবে ওই ফল প্রিন্ট আউট মেশিনেই থেকে যাবে। ভোটার তা নিয়ে কোথাও যেতে পারবেন না। কোনো বুথের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠলে ওই কাগজের মাধ্যমেই পুনরায় ভোট গণনা করা হবে। নতুন এ ভোটগ্রহণ ব্যবস্থা কবে থেকে চালু—প্রসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী লোকসভা নির্বাচনে নতুন ইভিএম ব্যবহারের সম্ভাবনা কম। লোকসভা ভোটে প্রায় ১৩ লক্ষ ইভিএম প্রয়োজন। যে সময় আছে তাতে এত নতুন মেশিন সংগ্রহ করা সম্ভব নয়। এছাড়া নতুন পদ্ধতি ঠিক মতো কাজ করছে কি না তা উপ-নির্বাচনে খতিয়ে দেখা হয়। তবে কিছুদিনের মধ্যে নতুন ব্যবস্থা চালু করা হবে।। সিপিএমের দাবি, কোন্ পরিস্থিতিতে ফলাফল পুনর্গণনা হবে তা স্থির করার জন্য নির্দিষ্ট নিয়ম করা হোক। সিপিএমের ওই দাবিকে তৃণমূলও সমর্থন জানিয়েছে। নতুন ইভিএম ব্যবহারের পক্ষে রায় দিয়েছে ভারতের প্রায় সবক’টি রাজনৈতিক দল। শিবসেনা ও হিল পিপলস পার্টি ইভিএম বাতিল করে কাগজের ব্যালটে ভোট করার দাবি জানিয়েছে।