দেখতে সুন্দর ছোট বসন্ত বাউরি

আকারে চড়ুই পাখির চেয়ে বড় নয়, তবে তার ডাক শুনে তা বোঝার উপায় নেই। এত উচ্চৈঃস্বরে এরা ডাকে যা শুনলে মনে হবে না জানি কোন বিরাট পাখি! এর ডাক খানিকটা একঘেয়ে লাগে। ‘টুক্-টুক্-টুক’ এই আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। পাখিটা দেখতে ভারি সুন্দর। আমাদের দেশে সারা বছরই এর দেখা মেলে। তবে সাধারণত বসন্তকালে এদের ঘোরাফেরা বেশি নজরে পড়ে। সে কারণেই সম্ভবত এর নাম বসন্তবাউরি। বছরের অন্য সময়ও এদের দেখা যায়, তবে কিছুটা কম। তাই বলে এরা পরিযায়ী নয়। আমাদের দেশীয় পাখি। ঢাকা শহরেও হরহামেশা দেখা যায়। একটু লক্ষ্য করলেই রাজধানীর উদ্যানগুলোতে এরা নজরে পড়ে। বড় গাছে এদের বিচরণ বেশি। ঘন পাতার আড়ালে থাকতে পছন্দ করে। বৃক্ষচারী পাখি এরা মাটিতে নামে না কখনো। পাখিটার বাংলা নাম:‘ছোট বসন্তবাউরি’, ইংরেজি নাম:‘কপারস্মিথ বারবেট’, বৈজ্ঞানিক নাম: Megalaima haemacephala, গোত্রের নাম:‘মেগালাইমিদি’। বসন্তবাউরি নামে এরা বেশি পরিচিত হলেও কোন কোন এলাকায় এদের বসন্তবৌরিও বলা হয়। লম্বায় ১৬-১৭ সেন্টিমিটার। কপাল, বুক টকটকে লাল। চোখের দুই পাশ, থুতনি ও গলা হলুদ। মুখাবয়ব কালো। পিঠ ঘাসরঙা সবুজ। নিচের দিকে খাড়া খাড়া মোটা রেখা। উড়ার পালক কালচে। বুক উজ্জ্বল লালের সঙ্গে সোনালী হলুদের পট্টি। লেজ খাটো। লেজের শেষ প্রান্তটা সবুজাভ নীল। চোখের মণি কালচে-ধাতব। ঠোঁট শক্ত মজবুত, কালো। ঠোঁটের গোড়ায় রয়েছে ক’টি শক্ত লোম। পা বাদামি-লালচে। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একইরকম। প্রধান খাবার ছোট ছোট বুনোফল। বট-পাকুড়, বকুল, দেবদারু, পেয়ারা, জাম, আতা, সফেদা, জামরুল ইত্যাদি ফলের প্রতি আসক্তি বেশি। ফল সংকটে পোকামাকড়েও ভাগ বসায়। প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল। অঞ্চলভেদে সময়ের তারতম্য ঘটে। যেমন ভারত, শ্রীলঙ্কায় ভিন্ন সময়ে বাসা বাঁধে। তবে সকল স্থানেই এরা গাছের কোঠরে বাসা বাঁধে। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন। শাবক উড়তে শেখে ১৫-২০ দিনে।