ডিজেলের পরিবর্তে সৌর শক্তিচালিত সেচ পাম্প চালু হবে :প্রধানমন্ত্রী
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৩৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে উত্পাদনের স্বল্পতার কথা বিবেচনা করে গ্যাস ও বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্যাস ও বিদ্যুতের অপব্যবহার বন্ধ করতে হবে- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য আগামীতে কেবল শিল্প-কারখানায় পাইপলাইনে এবং বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। তবে ইতিমধ্যে গ্যাস গ্রিডে সংযুক্ত ভবনসমূহ পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবে। তিনি গতকাল হোটেল রূপসী বাংলায় দেশে ২০ লাখ সোলার হোম সিস্টেম এবং ১০ লাখ উন্নত চুলা সংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশে বিদ্যমান ডিজেল চালিত পাম্প এবং মিনি গ্রিড পর্যায়ক্রমে সৌরশক্তি চালিত সেচ পাম্প৪ ও মিনি গ্রিড প্রকল্পের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।
২০১৫ সালের মধ্যে পল্লীর জনগণ ১০ লাখ উন্নত চুলা পাবে- উল্লেখ করে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর উন্নত রান্নার চুলা পল্লীর মা-বোনদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে রান্নায় সহায়তা করবে। শেখ হাসিনা বলেন, তার সরকার বিদ্যুত্ খাতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে। বিগত ৪ বছরে ৩০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুত্ সংযোগ পেয়েছে এবং চলতি বছরের শেষে বিদ্যুত্ উত্পাদন ৭ হাজার মেগাওয়াটে উন্নীত হবে বলে তিনি এ কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইডকল-এর মাধ্যমে বায়ো-গ্যাস উত্পাদন, সৌরচালিত সেচ পাম্প ও মিনি গ্রিড সিস্টেমের জন্য প্রকল্প নেয়া হয়েছে। এর আওতায় ২৭ হাজার বায়ো-গ্যাস প্রকল্প স্থাপন করা হয়েছে। এতে পল্লীর জনগণ রান্না ও অন্যান্য কাজে বায়ো-গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বাধীন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের ক্ষমতায় এসে নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন ও বিতরণে অবকাঠামো উন্নযন কোম্পানি- ইডকল এবং অন্যান্য সংস্থা প্রতিষ্ঠা করে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন ও বিতরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্ব প্রদান এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন প্রণয়ন করে। তিনি বলেন, তার সরকার ইডকল-এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে সৌর বিদ্যুতের সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক প্রত্যাহার এবং সহজ শর্তে ঋণ ও মঞ্জুরির ব্যবস্থা করে।