পত্রিকা সম্পাদকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর মতবিনিময়
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৩৯
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল রবিবার জাতীয় দৈনিকের সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেছেন। এতে আসন্ন নির্বাচন নিয়ে সংলাপ, মানবাধিকার পরিস্থিতি, সাভার ট্র্যাজেডি, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক, হেফাজতের ওপর ক্র্যাকডাউনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে গত ৫ মে গভীর রাতে মতিঝিলে হেফাজতের অবস্থান কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি, সরকারের সংলাপের উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই মতবিনিময়ে অংশ নেন ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, সংবাদ সম্পাদক আলতামাস কবীর, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম প্রমুখ সম্পাদক ও ইলেক্ট্রনিক মিডিয়ার বার্তা প্রধানগণ।