প্রশাসনিক অনিয়ম অব্যবস্থায় পিছিয়ে পড়ছে মনিপুর স্কুল

গত দু’টি বছর মনিপুর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার মানে নয়, অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়নে ছিল ব্যস্ত। আর এ কাজের জন্য অনৈতিকভাবে অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হয়। বিষয়টি নিয়ে অভিভাবকদের অসন্তোষ, মন্ত্রণালয়ের জবাবদিহিতার মধ্যে ছিল স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতি ক্লাসে ৮০ জন শিক্ষার্থী সামলে পাঠদান করাও শিক্ষকদের জন্য দুরূহ হয়ে পড়ছে। সব মিলিয়ে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হওয়ার দীর্ঘদিনের প্রভাব পড়েছে এবারের এসএসসির ফলে। দেশের সেরা ১০-র তালিকা থেকে ছিটকে পড়ে স্কুলটি। ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা চালুর পর ওই বছর সেরাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকে এই স্কুলটি। এরপরে ২০১১ ও ২০১২ সালে সেরাদের প্রথম স্থান দখল করে তারা। সর্বশেষ পাঁচ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় অবস্থানে থাকে মনিরপুর স্কুল। পরের বছর ২০১০ সালে ৮ম অবস্থানে, ২০১১ সালে ৭ম অবস্থানে, ২০১২ সালে ৮ম অবস্থানে থেকে সেরা ১০-এর তালিকায় অবস্থান টিকিয়ে রাখে। সর্বশেষ গত বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা যায়, এ প্রতিষ্ঠানটি সেরাদের তালিকা থেকে সরে গেছে। এবার এ প্রতিষ্ঠানটির অবস্থান ১৫তম। দীর্ঘদিন সেরাদের তালিকায় থাকা স্কুলটি পিছিয়ে পড়ার বিষয়টি মানতে পারছেন না অভিভাবকরা। হতাশা ব্যক্ত করে স্কুলের একাধিক অভিভাবক বলেন, স্কুলের এ দুরবস্থা আমরা মেনে নিতে পারছি না। সেরাদের তালিকা থেকে পিছিয়ে পড়ায় অভিভাবকরা স্কুলের বর্তমান কর্তৃপক্ষকে দুষছেন। তারা বলছেন, শিক্ষার মানের দিকে কর্তৃপক্ষের কোন নজর নেই। অভিভাবকরা নিজ দায়িত্বে মনিপুর বা অন্য কোন স্কুলের শিক্ষককে দিয়ে কোচিং বা প্রাইভেট টিউশনির মাধ্যমে সন্তানের ভাল ফলের জন্য চেষ্টা করেছেন। শ্রেণীকক্ষে কী পড়ানো হচ্ছে এ বিষয়ে অতীতে কর্তৃপক্ষের নজর থাকলেও এখন আর নেই। তারা বলেন, বিশেষ করে প্রতিষ্ঠানের দু’টি মূল ক্যাম্পাস ও তিনটি শাখা ক্যাম্পাস পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃৃপক্ষ। মিরপুরের সেরা এই প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালে ১৭ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় মনিপুর জুনিয়র হাইস্কুল নামে। ১৯৭৩ সালে উন্নীত হয় মনিপুর উচ্চ বিদ্যালয়ে। মূল ক্যাম্পাস ছাড়াও ১৯৯৫ সালে সরকারের শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের নীতিমালার আওতায় মিরপুর ৭ নং সেকশনের মিল্ক ভিটার একটি দ্বিতল ভবন ভাড়া নিয়ে ব্রাঞ্চ-১ এর কার্যক্রম পরিচালনা করা হয়। ১৯৯৭ সালে এটি রূপনগর আবাসিক এলাকায় স্থানান্তরিত হয়। সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার স্কুলটির সভাপতির দায়িত্ব নিয়ে ২০১১ সালে ‘ব্রাঞ্চ-২’ নামে ইব্রাহিমপুর এবং একই বছর ‘ব্রাঞ্চ-৩’ নামে শেওড়াপাড়ায় পৃথক শাখার কার্যক্রম চালু হয়। ভর্তি করা হয় ১০ সহস্রাধিক শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার। একজন সহকারি প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়নে শত-কোটির টাকার বেশি ইতিমধ্যে ব্যয় হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ একের পর এক নতুন শাখা চালু করেছে। ভর্তি করেছে প্রয়োজনের চেয়েও বেশি শিক্ষার্থী। এসব শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে। ৩০ হাজার শিক্ষার্থীর পাঠদান ও এত শিক্ষার্থী সামলে ঠিকমত পাঠদান করতে ব্যর্থ হচ্ছেন শিক্ষকরা। প্রতি ক্লাসে ৮০ জন করে শিক্ষার্থীর পাঠদান শ্রেণীকক্ষে সম্ভব হয়ে উঠছে না বলে একাধিক শিক্ষক এই প্রতিবেদককে জানিয়েছেন। অভিভাবকদের আশঙ্কা ধীরে ধীরে লেখাপড়ার মানে আরো পিছিয়ে পড়বে এই বিদ্যালয়টি। এ বিষয়ে স্কুলের সহকারি প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম এই প্রতিবেদককে জানান, এই প্রতিষ্ঠানের সভাপতি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সুপারিশে কিছু দুর্বল শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করা হয়েছে। এসব শিক্ষার্থী স্কুলের সার্বিক পাসের হার কমানোর পেছেনে প্রভাব ফেলেছে। মিরপুরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলছেন, মনিপুর স্কুল এখন শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে ব্যস্ত। একটি শ্রেণী কক্ষে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী থাকছে। এত সংখ্যক শিক্ষার্থী প্রতি ক্লাসে রেখে শিক্ষার্থীদের কিছু শেখানো সম্ভব নয়। ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি আরো পিছিয়ে পড়বে।