আরো হরতাল আসছে

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল তাদের পরবর্তী কর্মসূচি এখনো চূড়ান্ত না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা আরো হরতাল দেয়ার কথা বিবেচনা করছে এবং এই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে। এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ইতিমধ্যে আগামীকাল মঙ্গলবার হরতাল ঘোষণা করেছে। সরকারের মনোভাবের ওপর নজর রাখছে বিএনপি হাইকমান্ড। দলের নেতারা বলছেন, সরকার হার্ড লাইনে গেলে বিএনপিও হার্ড লাইনে যাবে। তারা দাবি আদায়ে পরিস্থিতি বিবেচনা করে হরতালের সঙ্গে অবরোধ, অসহযোগের মত কর্মসূচি গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে। আজ সোমবার ১৮ দলীয় জোট বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। এই সমাবেশে যদি সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হয় তা হলে হরতাল দেবে দলটি। আগামী বুধ বৃহস্পতিবার হরতাল পালনে প্রস্তুতির কথা জানিয়েছেন দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা। তবে বাধা না দিলে নতুন কর্মসূচি হিসাবে ঢাকা মহানগরসহ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ, গণমিছিলের ঘোষণা দেয়া হতে পারে। এর বাইরে ১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী তাদের নিজস্ব কর্মসূচি পালন করছে। জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে কাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি দিয়েছে তারা। জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে গতকাল হরতাল পালনের পর আবার এই হরতাল ডেকেছে তারা। জামায়াত আরো হরতালের কর্মসূচি দিতে পারে বলে তাদের একজন নেতা জানিয়েছেন। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে মঙ্গলবার হরতাল পালনের আহ্বান জানিয়ে বলেন জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা অব্যাহত থাকলে জনগণের ক্ষোভকে গণবিস্ফোরণে পরিণত করা হবে, চরম কর্মসূচি দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা ইত্তেফাককে বলেন, আজকের (সোমবার) সমাবেশ থেকে আপাতত ‘সফট’ কর্মসূচি দেয়ার ইচ্ছা আমাদের। তবে সরকার যত কঠোর হবে, আমাদের কর্মসূচিও তত কঠোর হবে। দলের মহানগর শাখার সদস্য সচিব আবদুস সালাম জানান, তারা আজকের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিলেও গত রাত ৯টা পর্যন্ত অনুমতি দেয়নি। হ্যাঁ-না কিছুই বলছে না। সালাম বলেন, সমাবেশ করতে না দিলে হরতাল দেয়া হবে। আগামী বুধ বৃহস্পতিবার এই হরতাল দেয়া হতে পারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির বর্তমান মুখপাত্র শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের কর্মসূচি সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ। এদিকে ১৮ দলের কর্মসূচি নির্ধারণে গত বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে জোটের শীর্ষ নেতা ও দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হয়। হেফাজতে ইসলামকে বিতাড়নের জন্য অভিযানের পর নতুন পটভূমিতে আন্দোলন কৌশল নিয়ে দলের নেতাদের পরামর্শ শুনছেন খালেদা জিয়া। ৪ মে শনিবার রাজধানীর শাপলা চত্বরে বিশাল সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন খালেদা জিয়া। ৬ মে সেই আল্টিমেটাম শেষ হয়। খালেদা জিয়া বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে পারমিশন না দিলেও যেখানে জায়গা পাব সেখানেই বসে পড়বো। কিন্তু আল্টিমেটাম শেষ হওয়ার পরেও ১৮ দল বসে পড়ার কোনো কর্মসূচি দেয়নি। গত সোমবার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েও করতে পারেনি। এর মধ্যে ৫ মে শেষ রাতে হেফাজতে ইসলামকে তাদের অবস্থান থেকে উচ্ছেদের পর বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে বিএনপির ঘোষিত কর্মসূচি এমনিতেই বাতিল হয়ে যায়। একদিকে আল্টিমেটাম প্রত্যাখ্যান অপরদিকে হেফাজতের বিরুদ্ধে অভিযানের ঘটনার পর সারাদেশের দলীয় নেতা-কর্মীদের ম্রিয়মাণ মানসিক অবস্থা চাঙ্গা করতে বেগম খালেদা জিয়া আবারো জনসংযোগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আপাতত রাজধানীর আশপাশের জেলায় জনসভা করতে পারেন তিনি। এছাড়া রাজবাড়ী এবং নাটোরে সমাবেশের পরিকল্পনা রয়েছে। রাজবাড়ীতে সমাবেশ করার জন্য ৩ বার তারিখ নির্ধারণ করা হলেও সেখানে যেতে পারেননি তিনি। প্রতিবারেই স্থগিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, দলের একটি পক্ষ চাইছে বেগম জিয়া মাঠ নেতাদের আরো চাঙ্গা করে তুলতে অল্প সময়ের জন্য হলেও গণসংযোগ করুন। অপরপক্ষ চাইছে এক্ষুণি কঠোর আন্দোলনে রাজপথে নেমে পড়তে। তবে দলের সিনিয়র নেতাদের অনেকেই এখনো জেলে। ভারপ্রাপ্ত মহাসচিব কারামুক্ত হলেও অসুস্থ। অন্য কয়েকজন নেতাও অসুস্থ। ফলে সব কিছু চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হচ্ছে। দলীয় একটি সূত্র জানায়, বিএনপি দাবি আদায়ে আগামীতে লাগাতার ৩৬ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টার হরতাল ঘোষণা এবং তার পর অসহযোগ আন্দোলনে যেতে পারে। এরজন্য তাদের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে সরকারকে বাধ্য করা হবে। এই জন্য আমরা তাদেরকে সময় দিয়েছি। তারা টালবাহানা করছে। তবে আন্দোলন শুরু হয়েছে, সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায়ে আরো হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি আসছে। দেশে ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে । এরপরও তারা ক্ষমতায় থাকার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য একগুঁয়েমি ছাড়তে পারছে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংলাপের ব্যাপারে আদৌ সরকার আন্তরিক কি-না, নাকি কালক্ষেপণ করার কৌশল নিয়েছে, তা যাচাই করতেই ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। সরকার যদি রাজনৈতিক সংকটের সমাধান চাইতো, তাহলে ওই সময়ের মধ্যে এজেন্ডা দিয়েই আলোচনায় বসতে আনুষ্ঠানিক চিঠি দিত। কিন্তু তারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। তারা মুখে বলছে আলোচনার কথা । এই সব নাটক আমরা বুঝি। দাবি কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি। তবে আমরা সরকারের সংলাপের আন্তরিক ডাকের অপেক্ষায় আছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেন, বিএনপি অনেক বড় দল। সরকার পতনের আন্দোলনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে । সরকারের এখন শেষ সময়। তারা যত নির্যাতন করুক তার পরিণতি তাদের একদিন ভোগ করতে হবে। তাই বলবো সময় থাকতে দাবি মেনে নিন। নইলে আন্দোলনে এমন পরিস্থিতি হবে তখন দিশা পাবেন না।