বিমানের নতুন তিন আন্তর্জাতিক রুট চালুর সিদ্ধান্ত
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৩৯
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন তিনটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। রুটগুলো হচ্ছে ঢাকা-গোয়াংজু, ঢাকা-কলম্বো এবং ঢাকা-ইয়াংগুন। আগামী শীতকালীন মৌসুমে এসব রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। গতকাল রবিবার অনুষ্ঠিত বিমানের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টীল।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পৃথিবীর বিভিন্ন দেশে ২৮টি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট চলাচল করতো। কিন্তু লোকসানের কারণ দেখিয়ে ৯টি রুট পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে ঢাকা-নিউইয়র্ক, ঢাকা-টোকিও, ঢাকা-প্যারিস, ঢাকা-ফ্রাঙ্কফুর্ট, ঢাকা-এথেন্স, ঢাকা-বাগদাদ, ঢাকা-মুম্বাই অন্যতম। বিমানের যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য নতুন করে আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে শীতকালীন সময়সূচি শুরু হবে। এদিকে বর্তমানে ১৯টি আন্তর্জাতিক রুটে বিমান তার ফ্লাইট পরিচালনা করছে। কিন্তু উড়োজাহাজ স্বল্পতার কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব রুটে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়ে আসছে। বিমানের বহরে বর্তমানে ৮টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে ৬টি নিজস্ব এবং ২টি লীজে আনা। জরুরি ভিত্তিতে আরো ২টি বোয়িং-৭৭৭-ইআর উড়োজাহাজ দীর্ঘ মেয়াদী লীজে আনার জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে বিমান। ১৩টি প্রতিষ্ঠান লীজে বিমানকে উড়োজাহাজ সরবরাহের আগ্রহ দেখিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর আগামী ১ সেপ্টেম্বর থেকে লীজের এই ২টি উড়োজাহাজ বিমান বহরে যোগ হবে বলে সূত্র জানিয়েছে।
অপরদিকে বিমান তার বন্ধ হয়ে যাওয়া পাঁচটি অভ্যন্তরীণ রুটও আগামী ১ নভেম্বর থেকে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। রুটগুলো হচ্ছে ঢাকা-যশোর, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সিলেট। এজন্য ৫০ আসন বিশিষ্ট ২টি টার্বো প্রপেলার উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, এসব অভ্যন্তরীণ রুটে দীর্ঘকাল যাবত্ বিমানের ফ্লাইট চালু ছিল। কিন্তু লোকসানের কথা বলে রুটগুলো বন্ধ করে দেয়া হয়।