গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ছে

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধির সমন্বয়ে এই বোর্ড গঠন করা হবে। নতুন ন্যূনতম মজুরি যখনই ঘোষণা করা হোক, চলতি ১ মে থেকে তা কার্যকর হবে। গতকাল সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এই বোর্ড গঠনের ঘোষণা দেয়া হলো। পোশাক শিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্ত—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বল্পতম সময়ের মধ্যেই বোর্ড গঠন করা হবে। তিনি আরও বলেন, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে অস্থিরতা চলছে। শ্রমিকদের মধ্যে নানা আশংকারও সৃষ্টি হয়েছে। শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হচ্ছে। এদিকে ১ মে থেকে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে আপত্তি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘১ মে থেকে মজুরি কার্যকর হবে—এ বিষয়টি আমরা মেনে নিচ্ছি না। তবে মজুরি বোর্ডের সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ের আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রায় রমেশ চন্দ । তিনি ইত্তেফাককে বলেন, অন্যান্য সময় শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের কথায় মালিক পক্ষ বাধা দিতেন। তবে এবার ব্যতিক্রম হলো সরকারের এ সিদ্ধান্তে মালিক পক্ষের প্রচ্ছন্ন সায় রয়েছে বলে মনে হলো। সামপ্রতিক সময়ে তাজরীন ও রানা প্লাজার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য মালিক পক্ষের উপর আন্তর্জাতিক চাপ—এক্ষেত্রে কাজ করেছে বলে তিনি মত প্রকাশ করেন। এর আগে সর্বশেষ ২০১০ সালে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়।