টিকফা চুক্তি গার্মেন্টসে শুল্কমুক্ত সুবিধা পেতে সহায়ক হবে :বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৪০
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) তৈরি পোশাক রফতানিতে অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশের জন্য সহায়ক হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, টিকফা চুক্তি হলে জিএসপি হারালেও আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো এবং অন্যান্য যে কোন বিষয় কথা বলার একটা আইনগত প্ল্যাটফর্ম তৈরি হবে। গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তৈরি পোশাকশিল্পের সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজির ২৩তম সভাশেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের রফতানির একটি বড় বাজার। সেখানে জিএসপি সুবিধা চালু রাখতে আমরা চেষ্টা করবো। যদিও সেটা যুক্তরাষ্ট্রে আমাদের মোট রফতানির মাত্র দশমিক ৫ শতাংশ। তবে জিএসপি হারালে ইউরোপে আমাদের রফতানিখাতে ক্ষতি হতে পারে। সভায় বাণিজ্য সচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।