জামায়াত নেতা ইউসুফ গ্রেফতার, কারাগারে প্রেরণ
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৪১
একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমীর একেএম ইউসুফ গ্রেফতার হয়েছেন। গতকাল রবিবার দুপুরে র্যাবের একটি দল রাজধানীর ধানমন্ডির ১০/এ রোডের ৩৭/এ নম্বরের ]নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গতকালই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। আজ সোমবার তার জামিন আবেদনের উপর শুনানি হবে।
গতকাল সকালে বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২৬ মে’র মধ্যে তাকে গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আদেশে বলা হয় ইউসুফ গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।
গ্রেফতারের পর একেএম ইউসুফকে নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরে অবস্থিত র্যাব-২ এর কার্যালয়। পরে সেখানে এক প্রেস বিফ্রিংয়ে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর আনোয়ার হক জানান, পরোয়ানা হাতে পাওয়ার পর পরই ইউসুফকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে তাঁর ধানমন্ডির বাসভবন নজরদারিতে রাখা হয়েছিল।
সেখান থেকে একেএম ইউসুফকে হস্তান্তর করা হয় ধানমন্ডি থানা পুলিশের কাছে। বিকাল চারটার দিকে পুলিশ তাকে হাজির করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে।
গত বুধবার একেএম ইউসুফের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ ও গ্রেফতারের আবেদন জমা দেয়। গতকাল শুনানি শেষে ট্রাইব্যুনাল গ্রেফতারের আদেশ দেয়।
ইউসুফের বিরুদ্ধে অভিযোগ
ইউসুফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী প্রতিষ্ঠা, হত্যা, গণহত্যা, জোর করে ধর্মান্তরিতকরণ, বাড়ি-ঘর ও দোকানে লুটপাট, অগ্নিসংযোগের ১৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বাগেরহাটের ডাকরা গ্রামে ভয়াবহ গণহত্যার অভিযোগ রয়েছে। সে সময় ডাকরা গ্রামের কালি মন্দিরের পুরোহিত ছিলেন বিনোদ বিহারী চক্রবর্তী। ওই বছর ২১ মে ডাকরাসহ আশপাশ এলাকার ২০/২১টি গ্রামের প্রায় ৪ হাজার হিন্দু ভারতে যাওয়ার জন্য কালিমন্দিরে জড়ো হয়েছিলেন। আর ইউসুফকে এ খবর দিয়েছিলেন ডাকরা গ্রামের মুসলিম লীগ নেতা ও স্বাধীনতা বিরোধী লিয়াকত আলী গজনবী ও আলতাব গজনবী। ইউসুফ তখন বাগেরহাট অঞ্চলের কুখ্যাত রাজাকার রজবআলী আলী ফকিরসহ (রজব আলী ফকির দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে আত্মহত্যা করেন। ৪০/৫০ জন রাজাকারের একটি দলকে ডাকরা গ্রামে পাঠান। তারা পরিকল্পিতভাবে দুই ভাগে বিভক্ত হয়ে কালিমন্দিরে জড়ো হওয়া হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে সাত শতাধিক হিন্দু মারা যায়। ওই গণহত্যায় নিহত ব্যক্তিদের মধ্যে ১০৪ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য এ কে এম ইউসুফ। ১৯৭১ সালে ৯৬ জন জামায়াত সদস্য ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে প্রথম রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৭১ সালে তিনি ছিলেন মালেক মন্ত্রিসভার রাজস্ব, পূর্ত, বিদ্যুত্ ও সেচমন্ত্রী।