চীনে কয়লাখনি বিস্ফোরণে নিহত ৪০
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৪১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু’টি কয়লাখনিতে বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছে। শুক্রবার গুইঝু প্রদেশে এবং শনিবার সিচুয়ান প্রদেশের কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার সন্ধ্যায় গুইঝু প্রদেশের পিংবার দাশান কয়লাখনিতে এক বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার চব্বিশ ঘন্টা পার না হতেই শনিবার সিচুয়ান প্রদেশে আবার খনি দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণকালে ভূগর্ভস্থ খনিটিতে ১০৮ জন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে ২৮ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮১ জনকে। এদের মধ্যে ছয় জন মারাত্মক আহত হয়েছেন ও অপর নয়জনের সামান্য আঘাত লেগেছে। বিশ্বে খনি দুর্ঘটনায় চীনেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।