দুই বিদেশি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৪১
আইসিবি ইসলামী ব্যাংকের দুই বিদেশি কর্মকর্তা ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা নিয়েছেন। মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে নেয়ায় তারা নিয়োগপত্রের শর্তও ভঙ্গ করেছেন। এসব অপরাধে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও তারা যে পরিমাণ অর্থ অবৈধভাবে নিয়েছেন সেগুলো আদায় করার জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, নিয়োগপত্রের শর্তের বাইরে আইসিবি ইসলামী ব্যাংকের হেড অব রিকভারী কিসান সিনহা রায় ও চিপ অপারেটিং অফিসার ভিলি ভেলিয়েপানকে মোট বেতনকে ভাগ না করে মূল বেতন হিসেবে দেয়া হয়েছে। একইসঙ্গে মালয়েশিয়ান এ দুই কর্মকর্তাকে বেতনসহ বাড়ি ভাড়া ভাতা, চিকিত্সা ভাতা, বোনাস, খাদ্য ভাতা ও ইন্স্যুরেন্স ফি দেয়া হয়েছে। বিনিয়োগ বোর্ডেও কাজের অনুমতি নেয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে সামষ্টিক বেতনে দেখানো হয়েছে। এমনকি এ কর্মকর্তাদের মোট বেতনের সমান বোনাস দিয়ে নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করা হয়েছে।
এ বিষয়ে আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পেয়েছি। এ বিষয়ে কাজ চলছে। শিগগিরই এ নির্দেশনা পরিপালন করে বাংলাদেশ ব্যাংককে জানাতে পারব বলে আশা করছি।
প্রসঙ্গত দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (পুনঃগঠন) স্কিম-২০০৭ সংশোধন করে প্রতিষ্ঠিত হয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। তত্কালীন ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের অর্থ এখনো পরিশোধ করতে পারেনি ব্যাংকটি। গত ৪ মে পর্যন্ত বিভিন্ন শ্রেণির আমানতকারীদের এক হাজার ২৬৭ কোটি টাকা পরিশোধের শেষ সময় ধার্য ছিল। আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার জন্য সম্প্রতি আরো ৬ মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।