চার সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

আওয়ামী লীগের একক প্রার্থী বিএনপির প্রার্থী একাধিক

বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চার সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন পদের প্রার্থীরা। এর মধ্যে রাজশাহীতে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ১৭৬ সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯, খুলনা মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ১৮৭ সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮, বরিশালে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর ১৪৫ সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৯ এবং সিলেটে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ১৫২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্থানীয় সরকারের এই নির্দলীয় নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ না নিলেও স্থানীয় পর্যায়ে একাধিক নেতা মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। চার সিটির তিনটিতেই আওয়ামী লীগ মেয়র পদে একক প্রার্থী দিয়েছে। এরা হলেন-রাজশাহীর সদ্য পদত্যাগকারী মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগরীর সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, খুলনার মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক ও সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। শুধুমাত্র বরিশালে বর্তমান মেয়র শওকত হোসেন হিরনের পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে চার মেয়রই গত বৃহস্পতিবার পদত্যাগ করে নির্বাচনের জন্য মনোননয়নপত্র দাখিল করেছেন। বিগত সিটি নির্বাচনে (বরিশাল ছাড়া) যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যারা তারা সকলেই মেয়র পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে মেয়র পদে মনোনয়ন দেয়া নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতৃত্বের মধ্যে বিশৃঙ্খলা রয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ে কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন অসংখ্য নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীতে বিএনপির ২ ও জামায়াতের একজন প্রার্থী রয়েছে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই সিটির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। খুলনায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ১৮ দলীয় জোট। এই সিটিতে বিএনপির পক্ষ থেকে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু। বরিশালে মনোনয়নপত্র জমা দেয়া ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপি’র ৩ জন। এরা হলেন- জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন। অন্যদিকে সিলেট সিটি করপোরেশনেও ১৮ দলীয় জোটের রয়েছে ৫ জন প্রার্থী। এর মধ্যে বিএনপিরই ৪ জন। আর ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন সদ্য পদত্যাগকারী মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। রাজশাহী সিটি করপোরেশন রাজশাহী অফিস থেকে আনিসুজ্জামান জানান, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১, বিএনপির ২, জামায়াতের ১, স্বতন্ত্র ২ জনসহ মোট ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১৭৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাসিক নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র ও সাংসদ মিজানুর রহমান মিনু। তিনি ছিলেন রাসিকের প্রথম নির্বাচিত মেয়র। দীর্ঘ ১৭ বছর তিনি মেয়র পদে ছিলেন। শেষ সময় পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার আশায় থাকলেও বিএনপির হাইকমান্ডের সবুজ সংকেত না পাওয়ায় মেয়র নির্বাচনী দৌড় থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন বলে জানা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে পরাজয়ের আশঙ্কা থেকেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন রাসিকের প্রথম নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিনু। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র রকার জানান, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৭ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। তবে শেষ সময় পর্যন্ত মোট ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- সদ্য পদত্যাগকারী মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহম্মদ জাহাঙ্গীর (বর্তমানে কারাবন্দি) স্বতন্ত্র প্রার্থী মীর মোজাম্মেল হক ও মো. হাবিবুর রহমান। পুনরায় মেয়র পদে এএইচএম খায়রুজ্জামান লিটনের মনোনয়নপত্র জমার সময় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদরের সাংসদ ফজলে হোসেন বাদশা, শাহরিয়ার আলম এমপি, কাজি আব্দুল ওয়াদুদ দারা এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ছাড়াও রাজশাহী নাগরিক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা সিটি করপোরেশন খুলনা অফিস থেকে রেজাউল করিম ও এনামুল হক জানান, বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা গতকাল রবিবার শেষ দিনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে ৬ জন এবং সাধারণ ১৮৭জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮জনসহ মোট ২৩৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে তালুকদার আবদুল খালেককে আওয়ামী লীগ একক প্রার্থী দিলেও বিএনপি প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। গতকাল রবিবার বিএনপির পক্ষ থেকে তিনজন প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত শনিবার বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতারা দফায় দফায় বৈঠক করেও একক মেয়র প্রার্থী চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় ১৮ দলের প্রার্থী চূড়ান্তের ভার কেন্দ্রের ওপর ছেড়ে দেয়া হয়েছে। নগরীর শেরে বাংলা রোডস্থ রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, মেয়র পদে মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, জাতীয় পার্টির (এ) জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু ও মুসলিম লীগের মহানগর সভাপতি মো: সিরাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৮৭জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়ন দাখিল করার সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকনসহ ১৪ দলের নেতৃবৃন্দ। অপরদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। বিদায় নিলেন তালুকদার খালেক তালুকদার আব্দুল খালেক কেসিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছেন। মেয়র পদ থেকে পদত্যাগের পর গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নগর ভবনে গিয়ে কেসিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদেরকে কেসিসি’র চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত মান বজায় রাখতে অনুরোধ জানান। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, সচিব ইদ্রিস সিদ্দিকী ও প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল সিটি করপোরেশন বরিশাল অফিস থেকে লিটন বাশার জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে গতকাল রবিবার এখানে ৩ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫ জন। এদের মধ্যে বিএনপি’র-৩ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ মোট ৫ জন মনোনয়ন জমা দিলেন। এছাড়াও ৩০টি ওয়ার্ডে ১৪৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৪৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। হরতাল উপেক্ষা করে উত্সব মুখর পরিবেশে আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি জামায়াতের ৩ কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শেষ দিনে দুপুর ১২ টায় সদ্য বিদায়ী মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি ১৪ দল সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরন মনোনয়নপত্র জমা দেন। সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্ল¬াহ, দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মহসিন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিমসহ ১৪ দলের শীর্ষ নেতাদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন শওকত হোসেন হিরন। এর কিছুক্ষণ পর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৪টায় জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামালের পক্ষে মনোনয়নপত্র জমা দেন এডভোকেট সাইয়েদ আহমেদ মধু। বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে মনিটরিং কমিটি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করতে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ঐ মনিটরিং কমিটির সদস্যরা মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণার সময় আচরণবিধি লংঘনের বিষয়টি তদারকি করবেন। নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা করবে আজ সদ্যবিদায়ী সিটি মেয়র মহাজোট প্রার্থী শওকত হোসেন হিরনকে নাগরিক কমিটির প্রার্থী করতে আজ সোমবার বরিশাল ক্লাবে বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি ইত্তেফাককে জানান, সকল পেশাজীবী সংগঠনের ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সভায় আহবান জানানো হয়েছে। বিকাল ৪টায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত হবে নাগরিক কমিটি। নাগরিক কমিটির প্রার্থী হিসেবেই শওকত হোসেন হিরন নির্বাচনী মাঠে প্রচারণা চালাবেন বলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম জানান। সিলেট সিটি করপোরেশন সিলেট অফিস থেকে হুমায়ুন রশিদ চৌধুরী জানান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৭টি, সাধারণ কাউন্সিলার পদে ১৫২টি এবং মহিলা কাউন্সিলর পদে ৩৬ মনোনয়নপত্র জমা পড়েছে। গতকাল রবিবার মেয়র প্রার্থীদের পাশাপাশি কয়েকজন কাউন্সিলর প্রার্থীও উত্সব মুখর পরিবেশে দক্ষিণ সুরমার আলমপুরস্থ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। গতকাল মনোনয়নপত্র জমা দেন সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম জালালী পঙ্খী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামান, জামায়াতের সিলেট মহানগরী আমির কারাবন্দি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। স্বতন্ত্র পদে মেয়র পদে সালাউদ্দিন রিমনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে মনোনয়নপত্র জমা দেন বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির ব্যারিস্টার আরশ আলী, ন্যাপ-এর সৈয়দ আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা ৩ টার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। দলের কয়েকজন নেতা-কর্মী এ সময় তার সাথে ছিলেন। এছাড়া বেলা সাড়ে ১২টায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা নাসিম হোসাইন। এ সময় দলের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। বেলা পৌনে ২টার দিকে মনোনয়নপত্র জমা দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি এডভোকেট শামসুজ্জামান। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সেক্রেটারি এডভোকেট আব্দুল গাফফার, বিএনপি নেতা এটিএম ফয়েজ প্রমুখ তার সাথে ছিলেন। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত আগামী ১৫ জুন। আর ১২ মে অর্থাত্ গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীর মনোনয়পত্র জমার ছিল শেষদিন। যাচাই-বাছাই ১৫ ও ১৬ মে এবং ২৬ মের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।