চট্টগ্রামে হরতালে ককটেল বিস্ফোরণ গাড়ি ভাংচুর

জামায়াতের ডাকা পূর্ণদিবস হরতাল চলাকালে চট্টগ্রামের কয়েকটি স্থানে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। হরতাল শুরুর পর সকাল ৮টার দিকে নগরীর নন্দনকানন এলাকায় ডিসি হিলের সামনে শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় তারা টায়ার পুড়িয়ে আগুন জ্বালায়। প্রায় একই সময় মোমিন রোডে একটি টেম্পো ভাংচুর করে শিবির কর্মীরা। সকালে নগরীর দিদার মার্কেট এলাকায় একটি চলন্ত টেম্পোর সামনে ককটেল ছুঁড়ে মারে পিকেটাররা। টেম্পোর যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। এতে এলাকায় ?আতংক ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে সাতটায় বাদুরতলা এলাকায় দু’টি ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে শিবির কর্মীরা। এ সময় তারা দু’টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। হরতাল শুরুর পর নগরীর বহদ্দারহাট, চাক্তাই চামড়ার গুদাম, জেল রোডসহ আরও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরতাল চলাকালে নগরীর রাস্তায় প্রচুর রিকশা, সিএনজি অটোরিকশা ও সিটিবাস চলাচল করলেও ব্যক্তিমালিকানাধীন গাড়ি দেখা যায়নি। নগরীর অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ চলেছে স্বাভাবিক গতিতেই। হরতালে নাশকতা মোকাবেলায় নগরীতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। হরতাল চলাকালে দুপুর একটার দিকে বন্দর থানাধীন আকমল আলী রোড থেকে ৬টি ককটেলসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিরা হলেন মো. ইকবাল (২৮) ও নুরুস সাফা (২৫)। চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী, বাকলিয়া, চান্দগাঁও, ডবলমুরিং ও হালিশহর এলাকা শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- জামশেদ হোসাইন (৪৩), নজরুল ইসলাম (২০), নজরুল, আবদুল্লাহ (২৪), সাইফুল ইসলাম (২০), চান্দগাঁও গোলাম আলী নাজির বাড়িতে একটি মেসে অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে ৫ জন ও নগরীর রাহাত্তার পুল এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে জোনায়েদ ও সৈয়দ নামে ২ শিবির ক্যাডারকে আটক করা হয়েছে।