বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত ৬ শতাধিক, গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে যায় , গত ১১ এপ্রিল থেকে গতকাল রবিবার পর্যন্ত এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ৬০০ রোগী বগা, কনকদিয়া ও কালিশুরী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা নিচ্ছেন। এদিকে ডায়রিয়ার আক্রান্ত হয়ে গত শনিবার সকালে রেহেনো বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বি-পাশা গ্রামের আলতাফ হোসেন খানের স্ত্রী। আলতাফ হোসেন জানান, তার স্ত্রী গত শুক্রবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। উপজেলা হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পপনা কর্মকর্তা মো. মনজুরুল আলম ইত্তেফাককে বলেন, টানা তাপদাহের পর হঠাত্ বর্ষা, রোদ ও রাতে ঠাণ্ডা আবহাওয়ার কারণে এপ্রিল মাসের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পর্যাপ্ত শয্যা ও দীর্ঘ নয় মাস পর্যন্ত ডায়রিয়া স্যালাইন না থাকায় রোগীদের যথাযথ চিকিত্সা দেয়া যাচ্ছে না। পটুয়াখালীর সিভিল সার্জন গৌরমনি সিনহা বলেন, আমাদের চাহিদা অনুয়ায়ী স্যালাইন ঢাকা থেকে সরবরাহ করা হচ্ছে না। এ কারণে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জালাল আহম্মেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট ও কোনো খালি শয্যা না থাকায় মাদ্রাসার ছাত্রাবাসে বসেই চিকিত্সা নিতে হচ্ছে। এ রকম ডায়রিয়ায় আক্রান্ত কমপক্ষে ১০ জন রোগী শয্যা ও স্যালাইন সংকটের কারণে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে চিকিত্সকের ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে বসে চিকিত্সা নিচ্ছেন বলে জানা যায়।