রানা প্লাজার নকশা

অনুমোদনে জড়িত দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার নকশা অনুমোদন প্রক্রিয়ায় জড়িত সেই দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ গতকাল রবিবার সন্ধ্যায় এ সম্পর্কিত আদেশ জারি করে। সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশন এবং উপ-সহকারী প্রকৌশলী রকিবুল হাসান নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আছেন । রানা প্লাজা ধসের পর সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন এবং সহকারী প্রকৌশলী আলম মিয়াকে গ্রেফতার করা হয়। সংশিষ্ট সূত্রে জানা যায়, রানা প্লাজা নির্মাণ বা পূর্বে নকশা প্রণয়ন অনুমোদন ও যাচাই-বাছাইয়ে এ দুই প্রকৌশলী সেখানে কর্মরত ছিলেন না। এ সময়ে অন্যান্য কর্মকর্তার সঙ্গে নির্মাণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ছিলেন নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রফিকুল হাসান। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা গতকাল বলেন, গ্রেফতার হওয়া দুই প্রকৌশলী আইনী প্রক্রিয়ায় মুক্তি পেয়ে যাবেন। তবে প্রকৃত অপরাধী দুই প্রকৌশলীর বিরুদ্ধেও ফৌজদারি অপরাধে মামলা হতে পারে এবং তাদেরকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে। এদিকে সাভার পৌরসভার মেয়র খন্দকার রেফায়েত উল্লাহকে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। ইতিমধ্যে তাকে সাসপেণ্ড করা হয়েছে। চূড়ান্তভাবে দেয়া নোটিশের পরিপ্রেক্ষিতে মেয়র জবাব দেয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছিলেন। আগামী ১৫ মে এই সময় শেষ হয়ে যাবে। তারপরই তাকে দায়িত্ব থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে বলে জানা গেছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান ইত্তেফাককে বলেন, সকল প্রক্রিয়াই আইন অনুসারে করা হচ্ছে। মেয়র চূড়ান্ত জবাব দিতে সময় প্রার্থনা করেছেন। তাকে সে সময় দেয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।