দুঃসহ দিনগুলোর কথা মনে পড়লেই শিউরে ওঠেন রেশমা

দুঃসহ সেই দিনগুলোর কথা মনে পড়লেই শিউরে ওঠেন রেশমা বেগম। কোনভাবেই ভুলতে পারছেন না বিভীষিকাময় ১৭ দিন ‘কবরবাসের’ কথা। এখন রেশমার শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজে নিজেই খাওয়া দাওয়া করছেন। গতকাল রবিবার সকালে চিকিত্সকরা তার আইভি স্যালাইন খুলে দিয়েছেন। তবে একা চলাফেরা করতে পারেন না। দাঁড়ালেই পড়ে যান। নার্সরা তাকে চলাফেরা করতে ও বাথরুমে যেতে সহযোগিতা করছেন। অন্ধকারে মৃত্যুপুরীর দিনগুলোর স্মৃতি রেশমাকে নরক যন্ত্রণা দিচ্ছে। এ বিষয়ে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে তার চেহারায় দেখা যায় কষ্টের ছাপ। এ ব্যাপারে দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরা বলেছেন, এ মুহূর্তে রেশমাকে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিত্সার প্রয়োজন। ধ্বংসস্তূপে কিভাবে ছিলেন, কি খেয়ে বেঁচে ছিলেন এসব এ মুহূর্তে জিজ্ঞাসা করলে তিনি মানসিকভাবে পুনরায় বিপর্যস্ত হতে পারেন। ওই দিনগুলোর কথা যেন তিনি ভুলে যেতে পারেন সে ব্যাপারে সবাইকে লক্ষ্য রাখা উচিত বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। এদিকে গতকাল দুপুরে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহম্মেদ রেশমার শারীরিক অবস্থার চিত্র সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেন, রেশমার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে একা একা হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যান। তার সেবায় সবসময় নার্স নিয়োজিত রয়েছে। ১৭ দিন ধ্বংসস্তূপে আটকে থাকায় তার দেহের চামড়া খসখসে হয়ে গেছে, কালচে দাগ পড়েছে। এ জন্য চর্মরোগ বিশেষজ্ঞ চিকিত্সকরা তাকে দেখেছেন। তিনি আরো বলেন, এ ছাড়া মানসিক রোগ, চক্ষু, নাক কান ও গলা, নিউরোলজি ও সার্জারিসহ সব বিষয়ের বিশেষজ্ঞ চিকিত্সকরা রেশমাকে দেখছেন। বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিমের ব্যবস্থাপত্র অনুযায়ী রেশমার চিকিত্সা চলছে। আজ সোমবার সকালে মেডিক্যাল টিম রেশমাকে নিয়ে পুনরায় বসবেন বলে জানিয়েছেন শরীফ আহম্মেদ। তিনি জানান, গতকাল মাথায় শ্যাম্পু দিয়ে রেশমা গোসল করেছেন। ব্রেড, বাটার, জেলি ও ডিম দিয়ে সকালে নাস্তা করেছেন। দুপুরে মুরগিসহ হাইপ্রোটিন খাবার দেয়া হয়েছে। প্রতিদিন তাকে চারটি ডিম খেতে দেয়া হচ্ছে। সাভার সিএমএইচে মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল আজিজুর রহমানের অধীনে আইসিইউতে চিকিত্সাধীন রেশমা। কর্নেল আজিজুর রহমান বলেন, রেশমার ইলেকটোলাইটের কিছুটা ঘাটতি রয়েছে। গত শনিবার থেকে তার ঘুম স্বাভাবিক হয়ে আসছে। ১৭ দিন তিনি যে অবস্থায় বেঁচে ছিলেন সেখানে ঘুমতো দূরে থাক বেঁচে ছিলেন এটাই ভাগ্যের বিষয়। শেরেবাংলা নগরস্থ জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গত শনিবার সাভার সিএমএইচে রেশমাকে দেখেছেন। ডা. ওয়াজিউল আলম চৌধুরী জানান, রেশমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে তার আগের স্মৃতি এ মুহূর্তে স্মরণ করানোর মতো কার্যক্রম থেকে বিরত রাখার পরামর্শ দেন তিনি। নইলে তার মানসিক সমস্যা বেড়ে যাবে। বর্তমানে যে চিকিত্সা চলছে তাতে দ্রুত রেশমা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের নির্দেশে মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের টিমটি রেশমাকে দেখতে যান।