সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। তন্মধ্যে লালমনিরহাটে এক স্কুল ছাত্র, মাগুরায় এক যুবক ও ব্রাহ্মণবাড়িয়ায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের জেলা শহর সংলগ্ন হাড়ীভাঙ্গা মাজার এলাকায় শনিবার সন্ধ্যা ৭টায় মৈত্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় লালমনিরহাট রেলওয়ে চিলড্রেনপার্ক উচ্চ বিদ্যালয়ের রুবেল নামের ৮ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রংপুর থেকে পাটগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি হাড়ীভাঙ্গা নামক এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী স্কুল ছাত্র রুবেলকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাসটি ভাংচুর ও সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা যশোহর আড়পাড়া সড়কের মাগুরা পৌর এলাকার টিএনটি অফিসের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় রিক্সাভ্যান চালক জহুর বিশ্বাস (৫৫) ঘটনাস্থলে নিহত হন। নিহত জহুর বিশ্বাসের বাড়ি মাগুরা সদর উপজেলার সীতারামপুর গ্রামে। সাহেব আলী (৫০) নামে অপর এক যাত্রী গুরুত্বর আহত হন। আহত সাহেব আলীকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু ও একজন আহত হয়েছে। গত শনিবার রাতে সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম তুহিন (২৪)। সে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের শহীদ মিয়ার ছেলে। জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় তুহিন ও জিহাদ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে মোটর সাইকেলে করে আশুগঞ্জ যাবার পথে সুহিলপুর নামক স্থানে পৌঁঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তুহিনকে মৃত ঘোষণা করে। তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালা উপজেলার জেঠুয়া বাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক (৩৭) গুরুতর আহত হয়েছে। শনিবার ঐ যুবক ইঞ্জিনভ্যান থেকে পড়ে একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৬৭৫৫) এর নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় পথচারীরা তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ড্রাইভারসহ ঘাতক পিকআপটি থানা হেফাজতে রয়েছে।