রাজশাহীতে শিবিরকর্মী নিহত

রাজশাহীর বিনোদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদত হোসেন (২৫) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। র্যাব সদস্যরা ঘটনাস্থলে একটি নাইন এমএম পিস্তল, গুলি ভর্তি একটি ম্যাগজিন, ৬টি ককটেল এবং ৩ বোতল পেট্রোল উদ্ধার করেছে। রাজশাহী কলেজের ছাত্র শাহাদত হোসেন মহানগরীর কাজলার মোহাম্মাদ মানুর ছেলে। র্যাব জানায়, রবিবার জামায়াতের হরতালে নাশকতার উদ্দেশ্যে শনিবার শেষরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন রেডিও রিলে স্টেশনের ওয়্যারলেস টাওয়ারের পাশে একদল শিবির কর্মী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সাড়ে ৩টার দিকে সেখানে পৌঁছলে শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলিবর্ষণ করলে শিবির কর্মীরা পিছু হটে। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শাহাদত হোসেনের মৃতদেহ পাওয়া যায়। মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, নিহত শিবির কর্মী শাহাদত হোসেন রাজশাহীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় নাশকতা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হাত-পায়ের রগ কেটে দেয়াসহ বিভিন্ন অভিযোগে মতিহার থানায় একাধিক মামলা রয়েছে। তিনি শিবির কর্মীদের ককটেল সরবরাহ করতেন বলে পুলিশ ও র্যাবের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকালে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। র্যাব সদর দফতর জানায়, ২০০৬ সালে শিবিরের এক ‘বড় ভাই’ শাহাদতকে চাকরি দিবে বললে লোভে পড়ে তিনি শিবিরের রাজনীতিতে যোগ দেন। শুরুতে শিবিরের মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন। এই সময় তিনি মাসিক ইয়ানত বাবদ ১৫/২০ টাকা চাঁদা দিতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শাহাদত শিবিরের রাজনীতির সাথে সক্রিয় হয়ে উঠেন। গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর তিনি রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল করেন। সাঈদীর রায়ের এক সপ্তাহ পরে সাইফুদ্দীন ইয়াহিয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারী) তাকে নিয়ে পারিলা গ্রামে গিয়ে ককটেল বানানোর কৌশল শিখিয়ে দেন। শিবিরের রাশেদ ও মামুন তার কাছ থেকে নিয়মিত ককটেল ও অস্ত্র আনা-নেয়া করতেন। ফেব্রুয়ারি মাসের পর থেকে শাহাদত শিবিরের প্রতিটি কর্মসূচীর আগে ২০ থেকে ৩০টি ককটেল তৈরি করে দিতেন। রবিবারের জামায়াত-শিবিরের হরতালের সমর্থনে শনিবার বিকালে শাহাদতের নেতৃত্বে শিবিরের একটি দল রাজশাহীর মতিহার এলাকায় র্যাবের টহল গাড়ির ওপর ককটেল হামলা চালায়।