এককভাবেই সরকার গঠন করতে পারেন নওয়াজ শরীফ

পাকিস্তানের নির্বাচনে নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে চলেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হিসাবে যে সরকারকে তার নেতৃত্ব দিতে হবে, সেই সরকার গঠনের জন্যে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচনে দলটি এতোই ভালো করেছে যে, এখনও পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অনেকের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে। তার দলকে হয়তো সরকার গঠনের জন্যে পার্লামেন্টের অন্য দলগুলোর সাথে জোট করার প্রয়োজন নাও হতে পারে। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, নওয়াজ শরীফের দল নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। নওয়াজ শরীফ বলেন, তার দল দেশটিতে পরিবর্তন আনতে পারবে বলে লোকজন ভোটের ফলাফলে তাদের ওপর আস্থা দেখিয়েছে। নওয়াজ শরীফ গত শনিবার নির্বাচনের রাতেই দলের বিজয় ঘোষণা করে বলেন, ফলাফল এখনো আসছে। তবে এটি নিশ্চিত যে, মুসলিম লীগ সবচেয়ে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রার্থনা করুন, যাতে কারো ওপর ভর না করে এককভাবে সরকার গঠন করতে পারি। নতুন সরকার গঠনের লক্ষ্যে নওয়াজ শরীফ গতকাল দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে নিজের বাড়িতে বৈঠক করেন। পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। জয়ের জন্যে নওয়াজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ইমরান খান। অন্যদিকে বিগত জোট সরকারের প্রধান দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ভরাডুবি হয়েছে। এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে পিপিপি বহু আসনে পরাজিত হয়েছে। ফলাফল খুব ধীরে ধীরে আসছে এবং তাতে দেখা যাচ্ছে, জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে নওয়াজ শরীফের দল ১২৮টি আসন পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে মুসলিম লীগকে ১৩৭টি আসনে জিততে হবে। পিপিপি পেয়েছে ৩৩টি আসন। আর সাবেক ক্রিকেটার ইমরান খান, যিনি বিরোধী নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছিলো, তার দল তেহরিক-ই-ইনসাফ পেয়েছে ৩০টি আসন। মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) এখন পর্যন্ত পেয়েছে ১৫টি আসন। আর ২৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাদেরকে তিনদিনের মধ্যে যেকোন দলে যোগ দিতে হবে। এর ফলে এককভাবে নওয়াজ শরীফের সরকার গঠন করার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এক সামরিক অভ্যুত্থানে ১৪ বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ শরীফ। তারপর তাকে সৌদি আরবে নির্বাসনেও যেতে হয়েছে, তিনি বিচারেরও মুখোমুখি হয়েছেন। নওয়াজ শরীফের মুসলিম লীগের এই সাফল্য ও পিপিপির ভরাডুবি বিস্ময়কর কিনা জানতে চাইলে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মাহমুদ আলী বলেন, পিপিপির বিরুদ্ধে সমালোচনার এতই ঝড় উঠেছে যে, তাদের পক্ষে নির্বাচনে জয়লাভ সম্ভব ছিল না। ইমরান খানের পিটিআই ভাল করেছে কিন্তু তার নতুন দল নগর কেন্দ্রিক। গ্রামে তাদের প্রভাব সীমিত। তাই মুসলিম লীগের বিজয়ে বেশি লোক আশ্চর্য হবে না। নওয়াজ শরীফের সামনে বিশাল চ্যালেঞ্জ। পাকিস্তানে সন্ত্রাসী তত্পরতা, অর্থনৈতিক দুরবস্থা, ভারতের সঙ্গে সম্পর্ক অর্থাত্ অর্থনৈতিক, রাজনৈতিক নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে। এগুলো পাঁচ বছরে মোকাবেলা করা সম্ভব হবে মনে করেন না সৈয়দ মাহমুদ আলী। আগে দুইবার ক্ষমতায় থাকার সময় নওয়াজ শরীফ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন, ভবিষ্যতেও করবেন বলে কথা দিয়েছেন। ভারতীয়রাও মনে করেন নওয়াজ সরকারের সঙ্গে কার্যক্রম চালাতে পারবেন। নওয়াজ সবসময় বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে আপোষ হবে না, তবে তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অবশ্য যুক্তরাষ্ট্র এ নিয়ে উদ্বিগ্ন। তবে নওয়াজ শরীফের আগের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর সম্পর্ক ছিল। এনডিটিভিকে দেয়া সাক্ষাত্কারে নওয়াজ শরীফ বলেন, বেসামরিক সরকারের হাতে মূল ক্ষমতা থাকতে হবে।