নির্বাচিতদের দিয়ে অন্তর্বর্তী সরকার হতে পারে
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:৪৪
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল শনিবার বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের বলেন, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে। বিশ্বব্যাপী এই গণতান্ত্রিক ব্যবস্থাই বাংলাদেশ অনুসরণ করবে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবধরনের পদক্ষেপ নেয়া হবে। পুরো নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণের সুযোগ থাকবে। যাতে নির্বাচন বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হয়। ২০০৮ সালের মতো আন্তর্জাতিক ও স্বাধীন পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সন্ধ্যায় এই ব্রিফিং এর আয়োজন করা হয়। গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, আসন্ন নির্বাচন নিয়ে সৃষ্ট পরিস্থিতি, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে হেফাজতের ধ্বংসযজ্ঞ নিয়ে একটি ডকুমেন্টারি দেখানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ৫ ও ৬ মে’র ঘটনা সম্পর্কে বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্যে ঐদিনের অভিযানকে ‘গণহত্যা’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। পথচারী পুলিশ মিলিয়ে ঐদিন ঘটনার আগে ও পরে ১১টি লাশ উদ্ধার করা হয়। হেফাজতের রাতভর অবস্থানের পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল। সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঐ ঘটনা মোকাবেলা করেছে।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর জার্মান, জাপান, কানাডা ও ইটালির রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রশ্ন উত্থাপন করেন। তারা সাভার ট্র্যাজেডি, হেফাজতের আন্দোলন ও সহিংসতা নিয়ে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন।