চলন্ত ট্রেনে পাথর

শিশু জিসানের মাথায় অস্ত্রোপচার গ্রেফতার ১

গত রবিবার চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত শিশুযাত্রী সালমান জাহান জিসান মাথায় গভীর ক্ষত নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন শিশুটির সিটি স্ক্যান রিপোর্টের উদ্ধৃতি দিয়ে সংশ্লিষ্ট চিকিত্সক জানান, পাথরের আঘাতে শিশুটির মাথার পেছনে এক ইঞ্চির মতো ক্ষতের সৃষ্টি হয়েছে এবং ব্রেনে রক্ত জমেছে। সোমবার রাতে শিশুটির মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন রামেকের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ফ ম মোমতাজুল হক।

এদিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে শিশু জিসান আহতের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ। গ্রেফতার আবু হানিফ (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। হানিফ পুলিশকে জানায়, ওইদিন কোনো কারণ ছাড়াই তিনি একাই ট্রেনের জানালায় পাথর ছুঁড়েছেন।

পাথর নিক্ষেপে আহত আরেক শিশু

গত ৫ মে রাতে গোয়ালন্দঘাট থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে আহত হয়েছে জুথি আক্তার (১২) নামের আরেক শিশু। জুথি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরবাটি সদরঘাট এলাকার হামিদুল ইসলামের মেয়ে। ওই দিন রাত পৌনে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়। আঘাত ততটা গুরুতর না হওয়ায় চিকিত্সা শেষে পরদিন বেলা ২টার দিকে হাসপাতাল ছেড়ে যায় জুথি।