দশ মাসে লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ কৃষিঋণ বিতরণ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৫৬
চলতি (২০১২-১৩) অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ১১ হাজার ৭৪০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৪০ কোটি টাকা বেশি। অর্থাত্ প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ব্যাংকগুলো এ খাতে বিতরণ করেছিল দশ হাজার ২০০ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা। সেই হিসেবে প্রথম দশ মাসে লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাস শেষে বাণিজ্যিক ও বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংক ছয় হাজার ৯৭৫ কোটি ৮৮ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। যা বিতরণ করা মোট ঋণের ৬০ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর জন্য বেঁধে দেয়া লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই ছয় ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ছয় হাজার ৭২৮ কোটি ৪২ লাখ টাকা।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলো একত্রে এ খাতে বিতরণ করেছে চার হাজার ৭৬৪ কোটি টাকা, যা তাদের লক্ষ্যমাত্রার ৮৬ শতাংশ। গত বছরের একই সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো মিলে ঋণ বিতরণ করেছিল তিন হাজার ৪৭১ কোটি ৮৬ লাখ টাকা। ব্যাংকগুলোর মধ্যে এ খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক যার বিতরণকৃত ঋণের পরিমাণ হলো তিন হাজার ৭৮৫ কোটি ৭৬ লাখ টাকা। তবে কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বেসরকারি ও বিদেশি খাতের দশ ব্যাংক।
গত এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষিঋণ বিতরণে ব্যর্থ দশ ব্যাংক হলো- বিদেশি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও ওরি ব্যাংক এবং দেশীয় উদ্যোক্তাদের মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহাজালাল, ব্র্যাক ও ঢাকা ব্যাংক।