অগোছালোরাই বেশি সৃষ্টিশীল!

সৃষ্টিশীলতার সাথে যে সবসময়ই খানিকটা পাগলামি আর এলোমেলো বিষয় জড়িয়ে থাকে এ কথা অনেকেই কথায় কথায় বলে থাকেন। তবে তাই বলে আধুনিক যুগে ইচ্ছে করে তো আর এলোমেলো থাকা যায় না। তা ছাড়া গুছিয়ে কাজ করার প্রতিও নানা সময় জোর দেওয়া হয় নানা প্রশিক্ষণ আর কর্মশালায়। তাই এটা মোটেও অবাক হবার বিষয় নয় যে অগোছালো স্বভাবের কারণে আমাদের অনেককেই ঘরে বাইরে নানা রকমের অপবাদ সইতে হয়। বিশেষ করে, কর্পোরেট কালচারে যেখানে নিজের কাজের পরিবেশটিকে গুছিয়ে রাখাটাকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় সেখানে অগোছালো ডেস্কের পরিণামও হতে পারে ভয়াবহ। তবে এতকাল ধরে যারা এ ধরনের সুন্দরের পূজারী হয়েই দিন কাটিয়েছেন, তাদের জন্য একটু ভিন্ন বার্তাই দিয়েছেন জার্মানির একদল গবেষক। দেশটির গ্রনিনজেন বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা একটি অগোছালো দোকানের সামনের অংশে গ্রাহকদের আচরণ এবং অগোছালো ডেস্কে কর্মীদের কাজের ধরন পর্যবেক্ষণের পর দাবি করেছেন যে, অগোছালো দোকান বা ডেস্কেই নাকি মানুষের সৃষ্টিশীলতা বেশি প্রকাশ পায়। বিশেষ করে এ ধরনের মানুষ গোছালো ডেস্কের মানুষদের চাইতে অনেক স্পষ্টভাবে কোনো বিষয়ে চিন্তা করতে পারেন বলেই জানিয়েছেন এই গবেষকরা। এ প্রসঙ্গে গবেষক দলের প্রধান জিয়া লিউ বলেন, ‘চারপাশের নানা বিশৃঙ্খলার মাঝে মানুষ অনেক স্পষ্টভাবে চিন্তা করতে পারে এবং এ কারণে তাদের কাজও অনেক সহজ হয়ে যায়।’ এ বিষয়টির নেপথ্য কারণ ব্যাখ্যা করতে যেয়ে লিউ বলেন, ‘আমাদের চারপাশে যখন অনেক বেশি শব্দ বা বিশৃঙ্খলা এসে উপস্থিত হয় তখন আমরা একটু জোর করে হলেও কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আর কাজের প্রতি এই বাড়তি মনোযোগটাই হয়তো সে সময় কর্মীদের কাজের গভীরে যেয়ে ভাববার সুযোগ করে দেয়।’ এ ছাড়া কনজুমার রিসার্চ সাময়িকীতি প্রকাশিত এই গবেষণার উপসংহার টানতে গিয়ে লিউ আরও বলেছেন যে, কর্মক্ষমতা বা উত্পাদনশীলতা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপকেরা যেভাবে গোছালো হওয়ার দিব্যি দেন, বিষয়টা আদপেও অতটা গুরুত্বপূর্ণ কিছু নয়।’