উচ্চ উত্পাদনশীল গম উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২০:৫৮
৩০ ভাগ পর্যন্ত বেশি উত্পাদনশীল নতুন এক ধরনের গম উদ্ভাবন করেছে ব্রিটিশ বিজ্ঞানীরা। আদি জাতের সাথে একটি নতুন জাত মিলিয়ে বর্ধিত উত্পাদনক্ষমতা সম্পন্ন এই গম তৈরির কাজটি করেছে ক্যামব্রিজভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল বোটানি। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বর্তমানে উত্পাদিত বিভিন্ন ধরনের গমের তুলনায় এটি বড় এবং উত্কৃষ্ট। পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এটি কৃষকদের হাতে পৌঁছাতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে। তবে কিছু কৃষক নতুন উদ্যোগ নেয়ার জন্য খাদ্য শিল্প, বিজ্ঞানী এবং সরকারকে অনুরোধ করেছে। কৃষকদের ধারণা, আগামী কয়েক দশক বৈশ্বিক খাদ্য নিরাপত্তা চাহিদাগুলো মেটাতে পারার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তরান্বিত করা দরকার। প্রসঙ্গত, পৃথিবীব্যাপী মানুষের গ্রহণ করা ক্যালরির মোট পাঁচ ভাগের এক ভাগ আসে গম থেকে।