আসুন সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করি

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই পাকিস্তানের নতুন সরকারের প্রতি তালেবান শান্তি আলোচনায় সহায়তার আহ্বান জানিয়েছেন। রবিবার এক বিবৃতিতে নতুন সরকারের কাছে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ১২ বছর ধরে তালেবান এ দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই ইসলামাদের কাছে আমাদের আহ্বান যেন উভয়ে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করি। এ সময়ে তিনি পাকিস্তানে সাধারণ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নওয়াজ শরিফ বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, তালেবান হুমকি সত্ত্বেও দেশটিতে নির্বাচনে জনগণ তাদের মত প্রকাশ করায় এটা প্রমাণ হয় যে সেখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। কারজাই বলেন, আমরা আশা করি পাকিস্তান শান্তি আলোচনার পথ উম্মোচনে সবরকম সহায়তা করবে যাতে করে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্কের সোপান আরো মজবুত হয়। তিনি বলেন, এ আলোচনার লক্ষ্যই হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান তার কার্যকরাী ভূমিকা পালন করা। কেননা আমরা চাই সন্ত্রাস দমনে এবং এর শিকড় উত্পাটনে উভয়ের মাঝে সহায়তা বৃদ্ধি অব্যাহত রাখতে। তিনি বলেন, দুই দেশকেই সন্ত্রাসের এই ভয়াল থাবা থেকে নিজেদের রক্ষা করতে হবে। কেননা দেশের শান্তি আনয়নে এর কোন বিকল্প নেই। উল্লেখ্য, আফগানিস্তান বরাবরই অভিযোগ করে আসছে, সীমান্তবর্তী এলাকার ইসলামী জঙ্গিদের প্রতি নীরব সমর্থন দিয়ে যাচ্ছে পাকিস্তান। অপরদিকে ইসলামাবাদও আফগান সরকারের প্রতি পাল্টা অভিযোগ করে বলে আসছে , আফগানিস্তান চিহ্নিত তালেবান কমান্ডারদের নানারকম সহায়তা দিচ্ছে। পশ্চিমা বিশ্ব মনে করছে, আফগানিস্তানে তালেবান প্রশ্নে শান্তি আলোচনায় পাকিস্তানের যুক্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আফগান সরকার শান্তি আলোচনায় কঠিন শর্ত চাপিয়ে দিচ্ছে বলে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। একইসাথে ইসলামাবাদ সীমান্ত সংঘর্ষের মাত্রা বাড়িয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ করছে কাবুল সরকার। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনে বিজয়ী নওয়াজ শরিফের সরকারে আফগান সম্পর্কিত পাকিস্তানের নীতিতে বড় ধরনের কোন পরিবর্তনে সম্ভাবনা নেই।