যুক্তরাষ্ট্রে মা দিবসের শোভাযাত্রায় গুলিতে আহত ১৯
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২০:৫৮
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মা দিবসের শোভাযাত্রায় গুলির ঘটনায় দুই শিশুসহ ১৯ জন আহত হয়েছে। গত রবিবার এ হামলার ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন তিন বন্দুকধারী পালিয়ে যায় বলে পুলিশ জানায়। পুলিশের সুপারিনটেনডেন্ট রোনাল সারপাস জানান, দুই বা তিন ব্যক্তি ভিড়ের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে যায়। তবে হামলার কারণ এখনো পরিষ্কার নয়। এফবিআই-এর মুখপাত্র বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড কি না এমন কোন প্রমাণ পাওয়া যায় না। এটা একটি বিচ্ছিন্ন সহিংসতা মাত্র। শোভাযাত্রাটি ভ্যালেরি সড়কের দিকে যাওয়ার পথে ঐ ব্যক্তিরা গুলি চালায়। এতে দশ বছরের দুই শিশুসহ ১০ জন পুরুষ ও সাতজন মহিলা আহত হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।