কালীগঞ্জে শাহীন (২২) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃৃত্তরা।
বুধবার সকালে পৌর এলাকায় বালীগাঁও গ্রামের কবরস্থান এলাকা থেকে শাহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন মধ্য বালীগাঁও গ্রামের আম্বর আলীর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বেরিয়ে যান শাহীন। পরে মধ্যরাতে এসে গ্যারেজের কাছে গিয়ে চা খাওয়ার পর আবারো রিকশা নিয়ে বের হন তিনি। সকালে বালীগাঁও গ্রামের কবরস্থানের পাশে তার গামছা বাঁধা লাশ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ওসি মোঃ আবুবকর মিয়া বলেন, ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় শাহিনকে শ্বাসরোধে হত্যা করে বালীগাঁও এলাকার ওই নির্জন স্থানে ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শাহীনের পা, গলা এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। তার নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।