লিবিয়ায় বন্দুকধারীদের অবরোধ প্রত্যাহার

সরকারের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রায় দুই সপ্তাহ ধরে অবরোধ করে রাখা দুটি মন্ত্রণালয় ছেড়ে গেছে বন্দুকধারীরা। শনিবার রাতে বিবিসিকে একথা জানিয়েছেন লিবিয়ার আইনমন্ত্রী সালাহ আল মারঘানি। নতুন সরকারের প্রশাসন থেকে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের সরানোর দাবিতে এপ্রিলের শেষ দিক থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় অবরোধ করে রেখেছিল সাবেক বিদ্রোহী বন্দুকধারীরা। তাদের সঙ্গে পিক-আপ ট্রাকের ওপর বসানো বিমান বিধ্বংসী কামানও ছিল। মারঘানি জানিয়েছেন, তার মন্ত্রণালয় আবার বিচার বিভাগীয় পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে এবং শনিবার তার মন্ত্রণালয়ের কর্মীরা ‘দুই ঘন্টা কাজ করেছেন’। তিনি বলেন, “আমরা আশা করছি এ ধরনের ঘটনা আর ঘটবে না, কারণ এ ঘটনা থেকে এই শিক্ষা হয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাত দিতে হয় না।” পররাষ্ট্র মন্ত্রণালয়কে কর্মকর্তাদের হাতে ছেড়ে দেয়ার বিষয়ে রবিবার একটি চুক্তি হয়েছে বলে জানান তিনি। গাদ্দাফি আমলের কর্মকর্তাদের বর্তমান সরকারের শীর্ষ পদগুলোতে বসানো যাবে না এমন একটি আইন পাস করার জন্য অবরোধের ডাক দিয়েছিল বন্দুকধারীরা। তাদের দাবিতে সাড়া দিয়ে সরকারের রাজনৈতিক পদগুলোতে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের নিষিদ্ধ করে গত সপ্তাহে একটি আইন পাস করেছে লিবিয়ার পার্লামেন্ট।