মু খো মু খি

যার ফেস ভ্যালু আছে, সে তো দাম বাড়াবেই

এখন কেমন আছেন? খুব একটা ভালো না। জ্বর-ঠাণ্ডা-হাঁচি, একসাথে সব কয়টা, খুবই খারাপ অবস্থা। গত পরশু শুটিং থেকে সরাসরি স্কয়ারে চলে যাই। সারা রাত হাসপাতালেই ছিলাম। শুটিংটা ফেঁসে গেছে। সামনে তো ঈদ, নতুন কী কী কাজ করলেন? এই মাসে ঈদের প্রায় ছয়টা নাটকের কাজ করলাম। আগামী মাসটাও পুরোটা বোধহয় ঈদের কাজই করতে হবে। যেগুলো করেছি এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিষে বিষক্ষয়’, ‘বাবার বিয়ে’, ‘আগন্তুক’, ‘মা’, পরশু শুটিং করলাম ‘বন্ধু তুমি’। এবারও আমি আশা করছি ঈদে ভালো কিছু কাজ চ্যানেলে যাবে, গতবারের চেয়েও ভালো। আপনি চলচ্চিত্রভিত্তিক রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ দিয়েই মিডিয়ায় এলেন। কিন্তু একটি চলচ্চিত্রের পর আর আপনাকে দেখা যাচ্ছে না। ছোট পর্দাতেই ব্যস্ত হয়ে পড়লেন। এর কারণটা কী? আসলে আমরা যখন এসেছি তখন খুব একটা চলচ্চিত্র হতো না। হাতে গোনা কিছু ছবি হতো। শুনেছি ইতিহাসের সবচেয়ে কম ছবি নাকি গত দুই বছরে হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের ছবি করার সুযোগ ছিল না। তারপরও প্রাসঙ্গিক সাপোর্ট লেভেলগুলোও ছিল না। তাই নাটকে ব্যস্ত হয়ে যাই, এখানে আসার পর দেখলাম যে, ফিল্মটা আসলেই খুব বড় একটা প্ল্যাটফর্ম। এর জন্য আরও অনেক কিছু শেখার প্রয়োজন আছে। শুধু অভিনয়ই নয়, আরও অনেক আনুষাঙ্গিক কাজ আছে এসব বিষয়ে ভালোভাবে প্রস্তুত হয়ে আবার ফিরব চলচ্চিত্রে। তবে এই ফেরাটা খুব বেশি দেরি হবে না, শীঘ্রই ফিরব। তা ছাড়া বড়পর্দা-ছোটপর্দা দুই পর্দাতে তো অভিনয়ই করতে হয়। খারাপ কী! ভালোই লাগছে। আমাদের রিয়েলিটি শো থেকে আসা তারকাদের মধ্যে বিশেষ করে মেয়েরা, মাস ছয়েক ছোটপর্দায় কাজ করার পর নিজের মতো করেই সম্মানী দাবি করতে থাকে। এ নিয়ে পরিচালকদের ক্ষোভও অনেক। এ প্রসঙ্গে কী বলবেন? একজন পরিচালক তখনই একজন শিল্পীকে কাস্ট করে যখন পরিচালক ওই শিল্পীর চেহারা চ্যানেলে বিক্রি করতে পারে। যাদের চেহারা বিক্রি করতে পারে না তাদের নিয়ে তো নাটক করে তাদের লাভ নেই। তাই যার ফেস ভ্যালু আছে তারা দাম বাড়াতেই পারে, এটা আমার কাছে অনেকটা স্বাভাবিকই মনে হয়। যার ডিমান্ড নেই, তাকে তো কখনোই চ্যানেল নেবে না। প্রায়ই নাটকে তারকাদের সিডিউল ফাঁসানোর ঘটনা ঘটে। বিশেষ করে এই অভিযোগ এ সময়ের ব্যস্ত অভিনেত্রীদের বেলায়। এই প্রসঙ্গে কী বলবেন? এই রকম অভিযোগ আসলে প্রায়ই শোনা যায়। মাঝেমধ্যে সকাল ৯টায় পরিচালকরা ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে বলে যে, ‘আপু উমক তো আমার সিডিউলটা আজ ফাঁসিয়ে দিয়েছে, আপনি একটু হেল্প করুন’। তখন খুব খারাপ লাগে। আসলে এভাবে ফাঁসানো ঠিক নয়। অবশ্য যারা এর মর্মটা বুঝে তারা ফাঁসায়ও না। যেমন, কখনও শুনিনা সিনিয়ররা সিডিউল ফাঁসিয়েছেন। আসলে তারা কাজটাকে ভালোবাসেন বলেই এরকম। সিডিউল যে, আমিও ফাঁসাইনি, এ রকম নয়। এক দুইবার বিভিন্ন কারণে ফেঁসে গেছে। যেমন জ্বর হওয়ার কারণে গত পরশু শুটিংয়ের সেট থেকেই হাসপাতালে চলে এলাম। তাকে কিন্তু গতকাল পর্যন্ত সিডিউল দেওয়া ছিল। হয়তো পরে কাজটি আমি তুলে দেব। এটা আসলে অসুস্থ হওয়ার কারণেই হয়েছে, এরকম কোনো সমস্যা না হলে আমি ফাঁসাই না। সেটে বসে লিখছেন এমন অনেক পরিচালকই আছেন, এগুলো নাটকের মানে কী ধরনের প্রভাব ফেলে? ফেরদৌস হাসান রানা সেটে বসেই স্ক্রিপ্ট লিখেন। তার কাজের অনেক রেসপন্স পেয়েছি। তিনি খুবই ভালো লিখেন। তবে অনেকেই তাকে ফলো করার চেষ্টা করে, কিন্তু তারা এই বিষয়টা ভালোভাবে জানেনই না। তাই তাদের কাজটা খারাপ হয়। আসলে সেটে বসে স্ক্রিপ্ট লেখাটা কখনোই ঠিক নয়। অনেক পরিচালকই বলে যে, ‘আপু স্ক্রিপ্টটা তো এখনো লেখা হয়নি, সেটেই হয়ে যাবে, আপনি টেনশন নিয়েন না।’। শুনলেই বিরক্ত লাগে।