নতুন ব্যস্ততায় তপু
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:০০
নিজের মিউজিক ক্যারিয়ারের চেয়ে এখন এই ইন্ডাস্ট্রি রক্ষার কাজেই যেন বেশি তত্পর কণ্ঠশিল্পী তপু। ‘আর তোমাকে’ নামের একটি সলো অ্যালবাম বের হবে এমন খবর শুনতে শুনতে শ্রোতাদের কান বন্ধ হতে চলেছে। প্রতিক্ষারও যেন একটা লিমিট থাকে। তবে আবারও আশ্বস্ত করলেন এবারের ঈদে তিনি তার সলো অ্যালবামটি রিলিজ দেবেন। দেখা যাক, সময়ই হয়তো দেবে এর উত্তর। তবে সলো অ্যালবাম রিলিজ হোক না হোক আগামী ২০ জুন নববধূকে ঘরে তুলছেন। দুজনার আনুষ্ঠানিক রিসিপশন হবে এদিন। আর নিজের ব্যস্ততা এখন জি-সিরিজের সিস্টার কনসার্নের অন্যতম পরিচালক হিসেবে গানের কনটেন্ট নিয়ে বেশ গবেষণা করে চলেছেন। কোনো কিছু প্রশ্ন করতেই তপু বলেন, ‘আর একটা বছর। আগামী বছরেই ইনশাল্লাহ মিউজিক ইন্ডাস্ট্রি অন্য আলো দেখতে পাবে। তবে সে আলো অবশ্যই আশাবাদই ব্যক্ত করবে।’
এমন ব্রত নিয়ে কাজ করলে তো অবশ্যই সকলেই পাশে থাকবে তপুর। তবে তা নির্ভর করবে সাফল্যের নিক্তির ওপরে। তপু গানের ক্যারিয়ারে যেমন সফল খুব নিখুঁত নির্ভেজালভাবে। ব্যক্তিজীবনে প্রেম ও অতঃপর বিয়ের ধারাবাহিকতাতেও। এখন দেখা যাক সংগীত শিল্প নিয়ে যে ব্রততে নেমেছেন সেই সফলতার পরীক্ষায় কীভাবে পাশ করেন?