সোহেল রানার পরিচালনায় জায়েদ খান

এ দেশের এক সময়কার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা নিজের প্রোডাকশন হাউজ পারভেজ ফিল্মস থেকে মাঝে মাঝেই চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ৭ বছর পর তিনি আবারও নতুন একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। ‘অদৃশ্য শত্রু’ শিরোনামের এই ছবিটির শুটিং শুরু হবে আগামী মাসের প্রথম দিন থেকেই। সোহেল রানা তার ছবিটির জন্য নায়ক হিসেবে নির্বাচিত করেন এ সময়ের অন্যতম ব্যস্ত চিত্রনায়ক জায়েদ খানকে। ছবিতে জায়েদ খানের বিপরীতে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করছেন নবাগতা প্রিয়া আমান। তবে ছবিটির কাহিনী গড়ে উঠেছে সোহেল রানা ও জায়েদ খানকে ঘিরেই। আরও অভিনয় করছেন সুচরিতা ও আহমেদ শরীফ। সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই ছবিটির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘এখন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছবি নির্মাণ শুরু হয়েছে। দর্শকরাও হলে ফেরা শুরু করেছে। নতুনভাবে এই ইন্ডাস্ট্রিকে সাজানোর অংশীদার হতেই এই দীর্ঘসময় পর নতুন ছবির কাজ শুরু করছি। আর সম্পূর্ণ অ্যাকশন ঘরানার ছবি বলেই জায়েদ খানকে বাছাই করেছি। সে আমার খুবই কাছের একটি ছেলে। আশা করি খুব সুন্দর একটা টিমওয়ার্কের মধ্য দিয়ে দর্শকদের জন্য ভালো একটা ছবি উপহার দিতে পারব।’