এক কালের খরস্রোতা কপোতাক্ষ আজ মৃত

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে’ ভূবন খ্যাত সেই কপোতাক্ষ এখন ক্রমশ স্মৃতির অলিন্দে ঠাঁই নিচ্ছে। তলদেশ ভরাট হওয়া এ নদের পাড়ে দাঁড়িয়ে মনে হবে কবিতার সেই পঙক্তি ‘কলকল মায়াধ্বনি’ ‘স্নেহের তৃষ্ণা মেটানো দুগ্ধস্রোতরূপ’। হোয়াংহো যদি চীনের দুঃখ হয়, তবে খুলনা, সাতক্ষীরা ও যশোরের দুঃখ এই কপোতাক্ষ। এই নদের গর্জনে প্রাণীকুল থেকে শুরু করে মাঝিমাল্ল¬¬া এমনকি উপকূলীয় অঞ্চলের মানুষ ভয়ে শংকিত থাকতো সেই কপোতাক্ষ আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কপোতাক্ষের অকাল মৃত্যুতে প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই কূলের হাজার হাজার পরিবার। আর তাই এলাকাবাসী কপোতাক্ষ রক্ষায় দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করলেও তা কোনভাবেই কাজে আসেনি। অথচ ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ সভ্যতার আদিম যুগ হতে দক্ষিণ জনপদে বহু পীর আওলিয়া, সাধক, মণিঋষি, কবি, সাহিত্যিককে আকৃষ্ট করেছে। যতদূর জানা যায়, এ দেশের অধিকাংশ মনীষী ও মহামানবের জন্ম ও আস্তানার নিদর্শন চিরচেনা এ নদের উপকূলে পাওয়া গেছে। তাদের কিছু কিছু নাম আজও এ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে থাকেন। তন্মধ্যে উল্লে¬খযোগ্য হযরত খাজা খানজাহান আলী (রহ.) তিনি এ দেশে সর্বপ্রথম এসেছিলেন আশাশুনি, পাইকগাছা, কয়রার ত্রিকোণ মিলন স্থান আমাদীর মসজিদকুড় নামক কপোতাক্ষ নদের মোহনায়। একইভাবে বুড়ো পীর জয়ন্নুদ্দিন, হযরত বুরহান উদ্দিন, পীর শেখ ময়েনউদ্দিন, পীর শাহ জাফর আউলিয়া (রহ.), হাজী মেহের উদ্দিন, জিন্দাপীর ধরম চাঁদ, সুন্নি সাধক হযরত আলম শাহ ফকির, আচার্য প্রফল্ল চন্দ্র রায় (পিসি রায়), কবি মাইকেল মধুসূধন দত্ত, সাধক কপিলেশ্বরী মুনি, কবি কাজী ইমদাদুল হক, কবি সেকেন্দার আবু জাফর কপোতক্ষ নদের সংস্পর্শে এসেছিলেন। প্রবীণদের মতে, কপোতাক্ষ নামক নদের নামকরণ হয়েছে কবুতরের চোখের জল থেকে। অর্থাত্ কবুতরের চোখের জলের ন্যায় কপোতাক্ষের জল স্বচ্ছতার আলোকে এতটাই স্বচ্ছ ও পবিত্র ছিল। পরিসংখ্যান মতে, দেশের ১৩শ নদ-নদীর মধ্যে ৩শ নদী নামমাত্র বেঁচে আছে। তন্মধ্যে ৫৪টি নদী ‘সচল’ রয়েছে। বাকি সব নদীই এখন মৃত। জানা যায়, ফারাক্কার ফাঁদে নদীমাতৃক এ দেশের অধিকাংশ নদীর অপমৃত্যু ঘটেছে। অভিজ্ঞদের মতে, ফারাক্কা বাঁধেই বাংলাদেশের জলপথগুলো পঙ্গুত্বে ভুগছে। তেমনই পঙ্গুত্বের শিকার হয়েছে অসংখ্য স্মৃতি ও ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কপোতাক্ষ। সে কারণে কপোতাক্ষ কূলের মহামানব ও মনীষীরা মৃত থেকে আজও জীবিত রয়েছেন মানুষের মাঝে। অথচ কপোতাক্ষ আজ মৃত!