বিভিন্নস্থানে ভাঙন হুমকির মুখে ফসল বাঁধ ও ঘরবাড়ি

বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। একই সাথে শুরু হয়েছে নদী ভাঙন। এসব ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ, ঘর-বাড়ি ও মাঠের ফসল। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের রিপোর্ট। সারিয়াকান্দি (বগুড়া) বর্ষা মৌসুম শুরু না হতেই বগুড়ার পূর্ব জনপদে যমুনার ভাঙ্গনের পদধ্বনী শোনা যাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিজ কর্নিবাড়ি থেকে রৌহাদহ পর্যন্ত যমুনায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দেয়ায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ভাঙ্গন এলাকায় ৪ দশমিক ৯ কিলোমিটার রিভেটমেন্ট নির্মাণের জন্য ২৩৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী অবিলম্বে যমুনার ভয়াবহ ভাঙ্গন থেকে জনপদ রক্ষার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানান, বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এবং জরুরি অবস্থায় ভাঙ্গন মোকাবেলার জন্য ১ লাখ জিও ব্যাগ মজুত রাখা হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। খামার দামার হাট গ্রামে ৪ বছর আগে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক ভেন্টের রেগুলেটরটি হুমকির মুখে পড়েছে। ভাঙ্গন তীব্র হলে অবকাঠামোটি নদীর গর্ভে যাওয়ার আশংকা করছে স্থানীয় মানুষজন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে উপজেলার খামার দামার হাট, বগুলাকুড়া গ্রামের তিস্তা তীরবর্তী ২০টি পরিবারের বাড়ি-ঘর ভাঙ্গনে বিলীন হয়ে যায়। এ ছাড়াও হুমকির মুখে রয়েছে প্রায় ৩/৪ শত পরিবার। বর্তমানে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি বস্তা ফেলে রেগুলেটরটিকে নিরাপদ রাখতে চেষ্টা চালাচ্ছেন। কাউখালী (পিরোজপুর) সন্ধ্যা নদীর ভাঙনে কাউখালীর ৫টি খাদ্যগুদাম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সামনের জেটি ও রাস্তা বিলীন হয়েছে। ভেঙে পড়েছে সীমানাপ্রাচীর। গুদামগুলো নদী গহ্বরে বিলীন হওয়ার আশংকা করছে এলাকাবাসী। একযুগ আগে থেকে এক দিকে ভাঙছে অপর দিকে ষ্টাফদের বাসভবনগুলোও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আতংকে কাটছে কর্মচারীদের রাত। মানবেতর জীবন-যাপনসহ ঝুঁকির মধ্যে প্রহরীরা। সন্ধ্যা নদীর ভাঙন শুরু হলে একে একে বিভিন্ন স্থান ভেঙে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আঘাত আসে কাউখালী ষ্টীমার ঘাট, লঞ্চ ঘাট, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা, আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেরীঘাটসহ খাদ্য গুদাম এলাকায়। খাদ্য গুদামের সামনের দীর্ঘ দেয়ালের বেশিরভাগ অংশসহ জেটি ও সম্মুখের রাস্তা ইতোমধ্যে বিলীন হয়েছে। এসব বিষয় নিয়ে কাউখালী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, একটি গুদাম ইতিমধ্যে অকেজো হয়ে গেছে যা অপসারণ করা জরুরি।