১৮ দিন পর লাশ পেয়েছে স্বজনরা

নন্দীগ্রাম (বগুড়া) \ বগুড়ার নন্দীগ্রামে সাভার ট্র্যাজেডির ঘটনার ১৮ দিন পর ৩ নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রবিবার লাশগুলো গ্রামের বাড়ি পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাশগুলো উপজেলা তারাটিয়া গ্রামে ২ সন্তানের জননী একা বেগম (২৮), আমড়া গোহাইল গ্রামে ৩ সন্তানের জননী পিয়ারা বেগম (৩৪) ও একই গ্রামের ২ সন্তানের জননী শাহানারা বিবি (৩২)। নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ নির্বাহী কর্মকর্তা আসিব আহসান, মেয়র সুশান্ত কুমার শান্ত, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করেন। গোদাগাড়ী (রাজশাহী) \ সাভারে রানা প্লাজায় নিখোঁজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গোদাগাড়ীর দুই নারী শ্রমিকের লাশ ১৮ দিন পর পাওয়া গেছে। শনিবার বিকেল ধ্বংসস্তূপের নিচ থেকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কুমোরপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে ফুলজান (২৩) ও ফাইজুদ্দিনের মেয়ে রাবেয়া বাসরি (৩২) লাশ পাওয়া যায়। শনিবার রাতে ফুলজান ও রাবেয়া বাসরির লাশ গ্রামের বাড়ি কুমোরপুরে আনা হয়। রবিবার কুমোরপুর গোরস্থানে ফুলজান ও রাবেয়া বাসরির লাশ দাফন করা হয়। পরিবারের অভাব-অনটনের কথা চিন্তা-ভাবনা করে ৮ মাস আগে সম্পর্কে চাচাতো বোন ফুলজান ও রাবেয়া বাসরি পোশাক কারখানায় চাকরিতে যায়। দু’জন প্রতিমাসে ৩ থেকে ৪ হাজার টাকা করে পরিবারে পাঠাত। এদিকে সাভারে রানা প্লাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে গোদাগাড়ী উপজেলা মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে আয়েশা খাতুন শিখা (৩২)। বেতাগী (বরগুনা) \ সাভার ট্রাজেডির ১৮ দিন পর রানা প্লাজার মৃত্যুকূপ থেকে উদ্ধার হওয়া উপজেলার সদর ইউনিয়নের কিসমত ভোলানাথপুর গ্রামের কুট্টি মোল্লার ছেলে আল-আমিন মোল্লার(২০) লাশ রবিবার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এতদিন স্বজনদের নির্ঘুম রাত কাটলেও তার লাশ বাড়িতে পৌঁছার পর আহাজারিতে ভারি করে তোলে গ্রামের আকাশ-বাতাস। আল-আমিন রানা প্লাজার একটি গার্মেন্টসের তিনতলায় কোয়ালিটি শ্রমিক হিসেবে চাকরি করতেন। স্ত্রী রুবি আকতার এতোদিন প্রত্যাশায় বুক বেঁধেছিলেন হয়ত তার স্বামী জীবিত ফিরে আসবেন কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে। লাশ দেখে কান্নায় ভিজে গেছে তার পরনের কাপড়।