কুমিল্লার দেবিদ্বারে হাসিবুল হাসান নামে ১৮ মাসের এক শিশুর গলাকাটা লাশ বাথরুম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেবিদ্বার উপজেলা ধামতি গ্রামের যুবরাজ বাড়ির এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির দাদা দাবি করেছেন, শিশুটিকে জীন ভূতে মেরে ফেলতে পারে। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ। শিশু হাসিবুল প্রবাসী আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শিশুটির গলার ডানপাশে জখম এবং গায়ে নখের আঁচড় রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বড় চাচি, চাচা ও দাদাকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির দাদা জয়নাল আবেদীন বলেন, কারো সাথে কোনো শত্রুতা নেই বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও আমরা জানি না।