ফুলবাড়িতে একই লাইনে দুই ট্রেন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫১
সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে একই লাইনে ঢুকে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দু’টি ট্রেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই ট্রেনের সহস াধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ফুলবাড়ি রেলস্টেশনে।
রেলস্টেশনে অবস্থানকারিরা জানান, সকাল ১১টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৩ আপ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ি রেলস্টেশনের ১নং লাইনে অপেক্ষা করছিল। এরই কিছুক্ষণ পর বেলা ১২টায় সিগনাল ছাড়াই ২৪ ডাউন চিলাহাটি হতে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ১নং লাইনে ঢুকে পড়ে। একই লাইনে দুই ট্রেন ঢুকে পড়া দেখে অবস্থানরত তিতুমীর ট্রেনের যাত্রীসহ স্টেশনের অবস্থানরত যাত্রীরা চেঁচামেচি শুরু করে। তড়িঘড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।
স্টেশন মাস্টার শামসুল আলম বলেন, ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। যা কিছু ঘটেছে তার সবকিছুর জন্যই দায়ী রকেট মেইলের চালক। ট্রেনটিকে পিছনে ফিরিয়ে নিয়ে বেলা ১২টা ২৩ মিনিটে ২নং লাইন দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।