দেবীগঞ্জে ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ
দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫১
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের এক হিন্দু পরিবারের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেয়া হয়। একই এলাকার নরেশ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জোরপূর্বক অভিযোগকারীদের জমি দখল করে রাখে। জমি উদ্ধারের জন্য জমির প্রকৃত মালিক কার্তিক চন্দ্র দেবীডুবা ইউনিয়ন পরিষদে বিচার আবেদন করলে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উভয়পক্ষকে ডেকে সমঝোতা করে দেয়। কিন্তু সে সালিশ অমান্য করে সমপ্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে জমিদখলকারী অভিযোগ দেয়।
এ ঘটনায় গত রবিবার দুপুরে দেবীডুবা ইউনিয়নের হিন্দু-মুসলমান নারী-পুরুষ কার্তিক চন্দ্রের জমি উদ্ধার ও চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও অফিস ঘেরাও করে। ইউএনও মাহবুবুল হক স্মারকলিপি গ্রহণ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিক্ষোভকারীদের আশ্বাস দেন।