ত্রিশালে সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

গত রবিবার ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী। এলাকাবাসী এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগে জানা গেছে বিদ্যালয়ের সভাপতি জহিরুল হক সরকার বিদ্যালয়টিতে সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করাসহ নানা ধরনের অনিয়ম করে আসছে। সোনার বাংলা স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বিএসসি’র কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি গত বছর বিদ্যালয়ে যোগদান করেছি। যে সকল অভিযোগ উঠেছে তার সব অভিযোগের বিষয়ে আমি অবগত নই। এলাকাবাসী ফারুক আহমেদ জানান নুরুল ইসলাম বিএসসি সভাপতি জহিরুলের সাথে যোগ সাজশে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন । এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি জহিরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে আদালতে মামলা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি।