ভোলার চরাঞ্চলের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে
ফারুকুর রহমান, ভোলা উত্তর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫৩
ভোলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা-তেঁতুলিয়া বক্ষে জেগে উঠা চরাঞ্চলে কোন আশ্রয় কেন্দ্র না থাকায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ভোলা সদর উপজেলার রামদাসপুর, গনেশপুর, চরসীতা রাম, বাড়াইপুর, চরচটকিমারা, চরশ্যামপুর, চরহোসেন, গাজীরচর, দৌলতখান উপজেলার মদনপুর, চরটগবি, মেদুয়া, মেয়ামতপুর, হাজীপুর, বোরহানউদ্দিন উপজেলার চররিজভী, চরশামসুদ্দিন, তজুমুদ্দিন উপজেলার সিডারচর, চরনাছরিন, চরমোজাম্মেল, চরতাজাম্মুল, চরলক্ষী লালমোহন উপজেলার, চরকচুয়া, চরফ্যাশন উপজেলার, চর আশরাফ, চরআলম, চরসিকদার এবং মনপুরা উপজেলার চরকলাতলীতে নেই কোন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিংবা কোন মাটির কেল্লা।
ভোলা জেলা প্রশাসকের দপ্তর জানিয়েছে, তজুমু্দ্দিন, মনপুরা, চরফ্যাশন উপজেলার সাইক্লোন শেল্টার অপর্যাপ্ত। এসব চরের ৩৫ হাজার হেক্টর জমিতে বাস করে প্রায় অর্ধলক্ষ লোক। গবাদি পশুর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। এখানে বেড়িবাঁধ না থাকায় বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ক্ষেত তলিয়ে যায়। মাটির কিল্লার অভাবে গবাদি পশু ভেসে যায়। ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক জানান, জলবায়ুর পরিবর্তনের ফলে জোয়ারের উচ্চতা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, চরবাসীদের বাঁচাতে বেড়িবাঁধ নির্মাণসহ পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও মাটির কিল্লা জরুরী হয়ে পড়েছে।