পার্বতীপুরে রেলের ডিপিএম অফিসে পেনশন চালু হচ্ছে

পার্বতীপুরের রেলওয়ে ডিপি এম অফিসে ১লা জুন থেকে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের পেনশন চালুর দাবি বাস্তবায়ন হতে চলেছে। এতে শত শত অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে। পেনশন শুরু করার জন্য বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ খান গত শনিবার সরেজমিনের পার্বতীপুর রেলওয়ে ডিপিএম অফিস পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে পেনশন চালুর প্রক্রিয়া শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে ম্যানেজার পে-এন্ড ক্যাশ বিশ্বাস আব্দুল মান্নান, কেলোকার উপ-অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল হক ও লালমনিরহাটের সহকারী হিসাব কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত। পার্বতীপুরের ১৫ শতাধিক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন ধরে তাদের দুর্ভোগ লাঘবের জন্য পার্বতীপুরের রেলওয়ে ডিপিএম অফিসে পেনশন চালুর দাবি করে আসছিল।