সাতকানিয়ায় পাহাড় কর্তনে বিপন্ন প্রকৃতি
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৫৯
সরকারিভাবে পাহাড় কাটা নিষিদ্ধ হওয়া সত্বেও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় তা মানা হচ্ছে না। সরকারের সংশ্লি¬ষ্ট বিভাগ তদারকি না করার সুযোগে উপজেলার বিভিন্ন স্পটে পাহাড় কেটে মাটি বিক্রির মহোত্সব চলছে। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী একের পর এক পাহাড় কেটে মাটি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতিরোধমূলক কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এভাবেই গত এক যুগ ধরে বিরামহীনভাবে একের পর এক পাহাড় কেটে সুউচ্চ ভূমিকে সমভূমিতে পরিণত করে দেয়া হয়েছে। সাতকানিয়ার পাহাড়ঘেরা সবুজ শ্যামল নির্মল প্রাকৃতিক পরিবেশ এখন বিপর্যয়ের মুখে, ধ্বংসের মুখোমুখি এখানকার জীববৈচিত্র্য। অবশিষ্ট পাহাড়গুলোকে জরুরী ভিত্তিতে রক্ষার ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় এ অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয় সচেতন লোকজন।
সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এবং সত্যপীরের মাজারের উত্তর পাশে বিশাল আকার স্কেভেটার দিয়ে পাহাড় কেটে ডাম্পার ট্রাকেযোগে মাটি পাচার করছে স্থানীয় প্রভাবশালীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, যে পাহাড়টি কেটে মাটি বিক্রি করা হচ্ছে সে পাহাড়টিতে বসবাস করে ১৫/২০ টি পরিবার। অনবরত কর্তনের ফলে যে কোন সময় পাহাড় ধসে প্রাণহানীর মত ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠালে ডাম্পার ট্রাক, স্কেভেটার চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পাহাড় কাটার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
এছাড়া বিজিবি ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের পূর্ব ও উত্তর পার্শ্বে এবং সত্যপীরের মাজারের উত্তর পশ্চিম পার্শ্বের কয়েকটি পাহাড় কেটে পাহাড়ের গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে অসংখ্য কাঁচা পাকা অবৈধ বাড়ি। স্থানীয় প্রভাবশালীরা এসব ঘর অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের কাছে ভাড়া দিচ্ছে। গতবছর এ এলাকায় পাহাড় ধসে একটি পাকা স্থাপনা ভেঙ্গে পড়লে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়ির লোকজন। স্থানীয় প্রশাসন এ পর্যন্ত তাদেরকে সরিয়ে নেয়ার কোন উদ্যোগ গ্রহণ করেনি। ইতিপূর্বে এ স্থানে পাহাড় কাটতে গিয়ে বিভিন্ন সময়ে ৫ জন রোহিঙ্গা শ্রমিক প্রাণ হারিয়েছে। দীর্ঘ এক যুগ ধরে এ সব স্থানে বহু পাহাড় ও পাহাড়ের বৃক্ষ নিধন করে গড়ে তোলা হয়েছে অসংখ্য মত্স্য প্রকল্প। স্থানীয় লোকজনের মতে এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। জেলা, উপজেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর আইনের যথাযথ প্রয়োগসহ কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় এখানে একের পর এক পাহাড় কাটা অব্যাহত রয়েছে।উক্ত ব্যাপারে স্থানীয় জনগণের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লোকালয়ে কামানের গোলা
গত রবিবার বেলা দেড়টায় জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাকর আলী বিল অরণ্য বৌদ্ধ বিহারের সামনে জনবসতিপূর্ণ এলাকায় সেনা বাহিনীর একটি কামানের গোলায় চলাচলের রাস্তা আংশিক বিধ্বস্ত হয়। গোলার বিকট শব্দে পদ্ম বড়ুয়া (৪০) নামে এক মহিলা তাত্ক্ষণিকভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেনা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩০০ গজ দূরে বড়ুয়া পাড়া ও বৌদ্ধ বিহারের অবস্থান। সেনা বাহিনী নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গোলাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঐ রাস্তায় পড়ে। গোলার আঘাতে এলাকার বিদ্যুত্ সঞ্চালন লাইনের তার পুড়ে যায় এবং উত্তম বড়ুয়া নামে একজনের ৬ শতক ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। উল্লেখ্য, বিগত ২০০৮ সালে অনুরূপভাবে গোলার আঘাতে এ এলাকার এমিনি বড়ুয়া নামের এক মহিলার ডান পা উড়ে যায়। ২০১০ সালে একই এলাকার বদিউর রহমান সিকদার প্রাথমিক বিদ্যালয় কামানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।